আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা
- আপডেট সময় : ১০:৫০:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ১০০৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা
স্টাফ রিপোর্টারঃ
বরিশালে আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এবং গৈলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য শিলা ইসলাম (৩৫) আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম মারুফের দ্বিতীয় স্ত্রী ছিলেন।
শিলা ইসলামের বাবা সেরাল গ্রামের আব্দুস সালাম হাওলাদার বলেন, কারণে-অকারণে শিলার স্বামী মারুফ প্রায়ই আমার মেয়েকে মারধর করত। শুক্রবার বিকেল তিনটার দিকে সেরাল গ্রামের ভাড়াটিয়া বাসায় বসে মারুফ শিলাকে অমানুষিক নির্যাতন করে। নির্যাতন সইতে না পেরে ভাড়াটিয়া বাসার দরজা বন্ধ করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
পরবর্তীতে প্রতিবেশীরা দরজা ভেঙে শিলা ইসলামকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন উল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।



















