আঙুলের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি-প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:১৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ১০৩৪ বার পড়া হয়েছে
আঙুলের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি-প্রধানমন্ত্রী
আস্থা ডেস্কঃ
যার যে দায়িত্ব, তার বাইরে যেন কেউ মন্তব্য না করেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলা ও চলনে-বলনে মার্জিত ও সতর্ক থাকতে হবে। আমাদের ফ্যামিলি কার্ড নিয়ে অনেকে অনেক কথা বলেছে। কিন্তু ভোটের আঙুলের কালির দাগ মোছার আগেই আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। এটাই হচ্ছে বিএনপি। এই বিএনপিকেই মানুষ দেখতে চায়।
বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় তিনি এ পরামর্শ দেন।
সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্যের পরামর্শ ও দিকনির্দেশনামূলক সভায় বক্তব্য রাখেন, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভায় বিএনপির ২০৯ জন সংসদ সদস্য অংশ নেন।
প্রধানমন্ত্রী জানান, দ্রুত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করা হবে। ডেঙ্গুর মৌসুমকে সামনে রেখে পরিষ্কার–পরিচ্ছন্নতার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সবাইকে সতর্ক করেন তিনি।
জুলাই জাতীয় সনদের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সনদের কিছু বিষয়ে বিভিন্ন পক্ষের ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। সরকার যেসব বিষয় বাস্তবায়নযোগ্য, সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে। সংসদীয় দলের সভায় জাতীয় সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের দায়িত্ব সংসদ নেতা তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়।
বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হওয়ার কথা রয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ


















