খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ৩৫ দোকান
- আপডেট সময় : ১১:২৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / ১০২৫ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো ৩৫ দোকান
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বোয়ালখালী নতুন বাজারের কাপড় গলির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে আগুনের লেলিহান শিখা দেখা গেলে দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কিন্তু আগুনের তীব্রতা বেড়ে গেলে খাগড়াছড়ি জেলা সদর থেকে আরও একটি ইউনিট যোগ দেয়। দুই ইউনিটের সম্মিলিত চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বোয়ালখালী নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন স্থানীয় সংবাদ কর্মীদের বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ৩৫টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, রাত ৩টা ৫ মিনিটে দীঘিনালা ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায় এবং তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় আমাদের সহায়তা চাওয়া হয়। আমরা ৩টা ১৭ মিনিটে খাগড়াছড়ি সদর থেকে রওনা দিই। পরে সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। শর্টসার্কিটের বিষয়টি তদন্ত করে নিশ্চিত করা হবে।
প্রসঙ্গত, দীঘিনালা বাজারে গতবছরে ২০২৫ সালে মার্চ মাসে এ দিনে আগুন। ঠিক আবারও ২০২৬ একই ঘটনা ঘটল।
দৈনিক আস্থা/এমএইচ


















