খাগড়াছড়িতে যাত্রীদের হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ১২:১৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
- / ১০৪৯ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে যাত্রীদের হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে এস আলম চেয়ার কোচ পরিচালনায় বাঁধা ও সড়ক পরিবহন মালিক গ্রুপের নৈরাজ্যের প্রতিবাদে গ্রীণ লাইন পরিবহন, এস আলম পরিবহন, সৌদিয়া পরিবহনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, এস আলম লাক্সারি কোর্স সার্ভিস এর স্থানীয় কাউন্টার ম্যানেজার মোঃ শরীফ সরকার।
এসময় সমিতিতে ভর্তির নামে মালিক গ্রুপকে ১২লক্ষ টাকা চাঁদা না দেয়ায় পরিবহন কাউন্টার ভাংচুর, রাস্তায় গাড়ী আটকে রেখে তাদের পরিবহনে যাত্রী যেতে বাধ্য করা ও যাত্রী হয়রানী করা হয়েছে বলে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করেন, আরটিসির সভায় ঢাকা-খাগড়াছড়ি সড়কে এস আলম লাক্সারি কোচ সার্ভিস এর ৮টি গাড়ীর অনুমোদন থাকলেও মালিক গ্রুপ রাতে একটি বাস ছাড়া অন্যগুলো চালাতে দিচ্ছে না। মালিক গ্রুপ কমদামে পুরনো গাড়ী কিনে এনে রংচং করে বিভিন্ন রুটে যাত্রীদের জিম্মি করে শান্তি পরিবহনে চলাচলে বাধ্য করলেও অন্য পরিবহনগুলোর যাত্রী সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। রশিদ ছাড়া খেয়াল খুশিমত পরিচালন ব্যায়ের নামে(জিবি) অর্থ আদায় করছে বলেও অভিযোগ করা হয়েছে।
সম্মেলনে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহন, আরটিসির সভায় অনুমোদিত পরিবহনগুলোর চলাচল নিশ্চিত করা, চট্টগ্রাম-কক্সবাজার রুটে অন্য পরিবহন চলাচলে বাঁধা প্রদান বন্ধ করাসহ মালিক সমিতি কর্তৃক আদায়কৃত অর্থের রশিদ প্রদানসহ স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, গ্রীনলাইন পরিবহনের ম্যানেজার শাহাদাত হোসেন জিসান, এস আলমের স্থানীয় প্রতিনিধি মোঃ ফারুক আহমেদ ও মাটিরাঙ্গা কাউন্টারের প্রতিনিধি মোঃ এরশাদুজ্জামান প্রমূখ।















