খাগড়াছড়ির পাহাড়ি জনপদে বিজু উৎসব ঘিরে সাজ সাজ রব
- আপডেট সময় : ০১:৩৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- / ১০৬০ বার পড়া হয়েছে
খাগড়াছড়ির পাহাড়ি জনপদে বিজু উৎসব ঘিরে সাজ সাজ রব
রহিম হৃদয়/খাগড়াছড়িঃ
নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের সবচেয়ে বড় সামাজিক উৎসব নতুন বছর বরণ ও বিজু শুরু হয়েছে। উৎসব ঘিরে পাহাড়িদের
মধ্যে সাজ সাজ রব পড়ে গেছে।
ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয় এই আয়োজন। চাকমা তরুণ তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে বন থেকে সংগ্রহ করা বিজু,মাধবীলতা, রঙ্গনসহ নানা রকমের ফুল দিয়ে পূজা করে। পরে নদীর পাড়ে গঙ্গা দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করে। প্রাণের এই উৎসব ঘিরে পাহাড় এখন রঙে রঙিন।
বুধবার (১২ এপ্রিল) সকালে খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে ঐতিহ্যবাহী এই উৎসবের প্রথম দিন শুরু করা হয়। চাকমারা বিশ্বাস করেন, এই ফুল ভাসানোর মধ্য দিয়ে পুরোনো বছরের গ্লানি মুছে গিয়ে নতুন বছরে বয়ে আনবে নতুন সুখ, শান্তি ও সমৃদ্ধি।
চাকমারা তিনদিন বিজু উৎসব পালন করেন। প্রথম দিন ‘ফুল বিজু, দ্বিতীয় দিন মূল বিজু, তৃতীয় দিন গইজ্জা পইজ্জা বিজু। অর্থাৎ চৈত্র সংক্রান্তির আগের দিন ফুল বিজু, চৈত্র সংক্রান্তির দিন মূল বিজু ও পহেলা বৈশাখের দিন গইজ্জা পইজ্জা।
বিগত দু-বছর করোনা মহামারির কারণে ফুল বিজু তেমন জমে না উঠলেও, এবার উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো। চেঙ্গী নদীতে দেখা যায়, অনেকে পরিবার নিয়ে এসেছে ফুল ভাসাতে। আবার অনেকে স্মৃতি ধরে রাখতে ছবি তুলতে ব্যস্ত। কেউবা ছেলে মেয়েদের সঙ্গে পানি নিয়ে খেলায় মেতেছেন। আবার কেউ কেউ নৌকায় উঠে ছবি তুলতে ব্যস্ত সময় পার করছে।
উৎসবমুখর পরিবেশে চলছে নানা আয়োজন। বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু ও চাংক্রান উৎসব ঘিরে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়িরা মিলিত হচ্ছে মিলনমেলায়। প্রাণের এই উৎসবে রং লেগেছে সব বয়সের মানুষের মনে।
এই উৎসব ঘিরে সব সম্প্রদায়ের কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন ঘটছে। তাই এই উৎসবকে প্রাণের উৎসব হিসেবে আখ্যায়িত করা হয়। এক সপ্তাহ আগে থেকে জেলা শহর, পাড়া ও গ্রামে নানা আয়োজন শুরু হয়েছে। বাংলার পুরোনো বছর বিদায় ও নতুন বছরকে বরণ করতে উৎসবে মেতে উঠছেন প্রতিটি সম্প্রদায়ের মানুষ।
















