জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র
- আপডেট সময় : ০৫:৩১:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ১০১৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১২ জন বিএনপি নেতা ও ১২ জন বিএনপি নেতার স্ত্রীর মাধ্যমে সরকারি ত্রাণের চাল বিতরণের নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন হক।
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় গত ৫ মার্চ ইউএনও স্বাক্ষরিত পত্রে উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনা পাঠানো হয়।
চিঠিতে প্রতিটি ইউনিয়নের জন্য বিএনপির একজন নেতা ও একজন নেতার স্ত্রীর নাম উল্লেখ করে তাদেরকে ‘গণ্যমান্য ব্যক্তি’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ত্রাণের তালিকা প্রস্তুত ও বিতরণের সময় তাদের সঙ্গে সমন্বয় করতে হবে।
পত্র অনুযায়ী, ১নং বড়খাতা ইউনিয়নে বিএনপির সভাপতি আব্দুর রহমান ও ইউনিয়ন বিএনপির সম্পাদক মোবাইদুর রহমান মিঠুর স্ত্রী রাভানা বেগম, ২নং গড্ডিমারী ইউনিয়নে বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলামের স্ত্রী কামরুন্নাহার, সিংগিমারী ইউনিয়নে উপজেলা যুবদলের সাবেক সম্পাদক সাইফুল ইসলাম আলম ও বিএনপি নেতা আ. মোতালেবের স্ত্রী হোসনে আরা, টংভাঙ্গা ইউনিয়নে উপজেলা কৃষকদলের সম্পাদক মতিউর রহমান মতি ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরনবী কাজলের স্ত্রী নাছরীন ফারহানা সোহাগের নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়া সিন্দুর্না ইউনিয়নে বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম ও বিএনপি নেতা আব্দুর সালামের স্ত্রী শাহানাজ পারভীন, পাটিকাপাড়া ইউনিয়নে বিএনপির সভাপতি মোজাহারুল ইসলাম মোজা ও বিএনপি নেতা রফিকুল ইসলামের স্ত্রী শাপলা বেগম এবং ডাউয়াবাড়ী ইউনিয়নে বিএনপির সদস্য সচিব রবিউল ইসলাম রবি ও বিএনপি নেতার স্ত্রী মাকতুবা ওয়াশিম বেলীর নামও তালিকায় রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন হক বলেন, সবার সঙ্গে সমন্বয় করে অফিসিয়াল নিয়ম মেনে গণ্যমান্য ব্যক্তিদের একটি তালিকা তৈরি করে ইউনিয়ন পরিষদে পাঠানো হয়েছে। যদি তালিকায় কোনো নাম নিয়ে অভিযোগ ওঠে, তাহলে তা পরিবর্তন করা হবে।
নির্বাচিত জনপ্রতিনিদেরকে বাদ দিয়ে গণ্যমান্য তালিকা দিয়ে সরকারী সাহায্য বিতরণের নীতিমালা কি জানতে চাইলে তিনি ব্যাস্ত আছি বলে ফোন কেটে দেন।
দৈনিক আস্থা/এমএইচ



















