দুর্নীতির দায় বিএনপিকেই বহন করতে হবে: হানিফ
- আপডেট সময় : ১০:৪৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
- / ১০৭০ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:
সংসদ সদস্য পাপুলের প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, পাপুল সরকারদলীয় নয়, স্বতন্ত্র সংসদ সদস্য। পাপুলের বিরুদ্ধে অর্থ আয়সহ যেসব দুর্নীতির অভিযোগ উঠছে, সেইসব দুর্নীতিগুলো বিএনপির সময় হয়েছে। যদি তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ থাকে, তবে এর দায় বিএনপিকেই বহন করতে হবে।
শনিবার দুপুরে কুষ্টিয়ায় পিটিআই রোডস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে সাক্ষাতে তিনি এসব কথা বলেন।পদ্মা সেতু নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি, এটা আর্ন্তজাতিক আদালতে প্রমাণিত। এটা বিএনপির কাল্পনিক অভিযোগ। এটা নিয়ে কথা বলার মাধ্যমেই প্রমাণ হয়, এই কাল্পনিক অভিযোগের পেছনে বিএনপিরই মদদ ছিল।
নির্বাচন নিয়ে হানিফ বলেন, পরিকল্পিতভাবে বিএনপি নির্বাচনে অংশই নেয় নির্বাচন কমিশন ব্যবস্থাকে বিতর্কিত করার জন্য। আর ভোটের সময় দেখা যায় তাদের কোন এজেন্ট থাকে না, ভোটার থাকে না।
তিনি বলেন, ভোটের সময় আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রশাসন নিরপেক্ষ একটা ভূমিকায় সক্রিয় থাকবে এটাই স্বাভাবিক। ভোটের নামে বিএনপির সন্ত্রাসীরা যদি নাশকতা করে তবে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবেই। এতে তারা আওয়ামী লীগের লোকজনকেও ছাড় দেয় না।এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

















