দেশে বাণিজ্য ঘাটতি বেড়েছে ১৪ বিলিয়ন ডলার
- আপডেট সময় : ০৪:৪২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ১০১৯ বার পড়া হয়েছে
দেশে বাণিজ্য ঘাটতি বেড়েছে ১৪ বিলিয়ন ডলার
শেখ শাওন হোসেন শ্রাবণঃ
চলতি অর্থবছরের ৭ মাসে আমদানি ও রফতানির অসামঞ্জস্যতার কারণে দেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে ১ হাজার ৩শ ৮০ (১৩ দশমিক ৮০ বিলিয়ন) কোটি ডলার। ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৭ মাসে (জুলাই-জানুয়ারি) এ বাণিজ্য ঘাটতি দাঁড়ায়। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এর আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১শ ৭৫ (১১ দশমিক ৭৫ বিলিয়ন) কোটি ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ঘাটতি বেড়েছে প্রায় ১৭ দশমিক ৪৩ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য মতে দেখা যায়, বাংলাদেশ থেকে চলতি অর্থবছরের ১ম ৭ মাসে রফতানি হয়েছে ২ হাজার ৬শ ৯ ডলারের পণ্য। বিপরীতে একই সময়ে আমদানি হয়েছে ৩ হাজার ৯শ ৮৯ কোটি ডলারের পণ্য। ফলে এই সময়ে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ৩শ ৮০ কোটি ডলার। ৭ মাসে আমদানি বেড়েছে প্রায় ৪ দশমিক ৬ শতাংশ। একই সময়ে রফতানি কমেছে প্রায় ১ দশমিক ১ শতাংশ।
বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল গণমাধ্যমকে বলেন, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে এবং নতুন বাজার সম্প্রসারণে উদ্যোগ জোরদার করা গেলে আগামী মাসগুলোতে রফতানি বাড়তে পারে।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ‘বাণিজ্যে পরিবর্তনের কারণেই মূলত এই ঘাটতি বাড়ছে। আমদানি বাড়া ও রফতানি কমার কারণে মূলত বাণিজ্য ঘাটতি বেড়েছে। চলমান যুদ্ধের প্রভাব মার্চ থেকেই দৃশ্যমান হতে পারে। ফলে আগামী দিনগুলোতে লেনদেনের ভারসাম্য পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।
দৈনিক আস্থা/এসএইচ


















