মাটিরাঙ্গায় সুপেয় পানি পেলো ১শ ৬০ পরিবার
- আপডেট সময় : ০৬:১৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ১০৮২ বার পড়া হয়েছে
মাটিরাঙ্গায় সুপেয় পানি পেলো ১শ ৬০ পরিবার
খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ১শ ৬০ পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ শনিবার (৩০এপ্রিল) সকালে সদর ইউনিয়নের আলুটিলা জুমিয়া পূবর্বাসন এলাকায় প্রকল্পের উদ্বোধন করেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম।

এসময় খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ সাইফুল ইসলাম সুমন, খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-টু আই মেজর জাহিদ হাসান, খাগড়াছড়ি সদর জোনের উপ-অধিনায়ক রিয়াজুল ইসলাম, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

আলুটিলা জুমিয়া পুনর্বাসন এলাকার কার্বারী সূর্যকিরণ ত্রিপুরা বলেন, যুগের পর যুগ এখানকার মানুষ পাহাড়ের নিচ থেকে পানি সংগ্রহ করে ব্যবহার করে আসছে। শুষ্ক মৌসুমে আমাদের কষ্টের শেষ থাকে না। সেনাবাহিনী আমাদের দীর্ঘদিনের পানি সংকটের সমাধান করেছে।

মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা বলেন, এখানকার চার গ্রামের ১শ ৬০ পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করেছে সেনাবাহিনী।

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম বলেন, পাহাড়ে সন্ত্রাসীরা চাঁদাবাজি করে বিলাসবহুল জীবন যাপন করলেও দুর্গম পাহাড়ের মানুষের কথা ভাবে না।

এর আগে এ এলাকার মানুষ জন্মের পর থেকে পাহাড়ের চূড়া থেকে নেমে আসা ঝিরি-ঝরনা বা কুয়োর পানি সংগ্রহ করতেন। অনেকে এসব দূষিত পানি খেয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হতেন। ওই এলাকার ৩৫ বছরের দুর্দশার লাঘব হয়েছে।


























