সরকারকে এক ঘণ্টার সময়সীমা বেঁধে দিলো-ইনকিলাব মঞ্চ
- আপডেট সময় : ১০:৩৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০১৩ বার পড়া হয়েছে
সরকারকে এক ঘণ্টার সময়সীমা বেঁধে দিলো-
ইনকিলাব মঞ্চ
আস্থা ডেস্কঃ
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ও শাহবাগে পুলিশি হামলার বিচার চেয়ে এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন ইনকিলাব মঞ্চের পক্ষের আন্দোলনকারীরা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে শাহবাগে এ আলটিমেটাম দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজ সেবা সম্পাদক এবি জুবায়ের।
এ সময় তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের পোশাকে যারা হামলা চালিয়েছে তারা ১২ ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে চায় কি না তা তদন্ত করতে হবে। আগামী এক ঘণ্টার মধ্যে হামলাকারী পুলিশ সদস্যদের বিচার করতে হবে।
তিনি বলেন, আজকের এই হামলার সঙ্গে পুলিশ লীগ জড়িত। কে কে আজ তাদের নিয়ন্ত্রণ করেছেন তা খুঁজে বের করতে হবে। তারা পরিকল্পিতভাবে আজকের ইস্যুকে বড় করেছেন। অনেক মানুষকে নির্দয়ভাবে পিটিয়েছেন। তাদের শাস্তি নিশ্চিত করতেই হবে।
তিনি আরো বলেন, ওসমান হাদি হত্যার বিচার ইস্যুতে ইনকিলাব মঞ্চ যে দাবি জানিয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে। আগামী ৮ তারিখের মধ্যেই জাতিসংঘকে এ বিষয়ে চিঠি দিতে হবে।
















