১২ আগস্ট মডার্না টিকার প্রথম ডোজের প্রয়োগ শেষ-শুরু দ্বিতীয় ডোজ
- আপডেট সময় : ০৬:৫৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / ১০৬০ বার পড়া হয়েছে
১২ আগস্ট মডার্না টিকার প্রথম ডোজের প্রয়োগ শেষ-শুরু দ্বিতীয় ডোজ
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান টিকা কর্মসূচিতে মডার্নার প্রথম ডোজের টিকা প্রয়োগ ১২ আগস্ট থেকে বন্ধ হচ্ছে। একইসঙ্গে এদিন থেকে মডার্নার দ্বিতীয় ডোজ শুরু হবে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ আগস্টের পর সারাদেশে মডার্না টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ ও দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। তবে যেসব স্থানে উক্ত টিকার প্রথম ডোজ উদ্বৃত্ত রয়েছে সেসব স্থানে দ্রুত প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে হবে।
এছাড়াও ১৪ আগস্ট থেকে সারাদেশে আবশ্যিকভাবে সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে হবে। এ লক্ষ্যে সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী দ্বিতীয় ডোজের টিকা শিগগিরই পাঠানো হবে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমের অনুমোদনক্রমে এ নির্দেশনা সারাদেশের সিভিল সার্জন, হাসপাতাল পরিচালক, টিকা কেন্দ্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ১২ জুলাই দেশে প্রথম সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়। এরপর কোভ্যাক্সের আওতায় আসা মর্ডানার টিকা দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় ১৪ জুলাই থেকে প্রয়োগ শুরু হয়।
[irp]





















