অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ সরকার-আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৪১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
- / ১০৪৪ বার পড়া হয়েছে
অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ সরকার-আইনমন্ত্রী
আস্থা ডেস্কঃ
সারাহ কুক বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে যোগ দেওয়ার পরে এটাই হচ্ছে আমার সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। তিনি যখন এখানে ডিএফডির প্রধান ছিলেন তখন আমার সাথে তার পরিচয় ছিল। এটা রুটিন সাক্ষাৎ, তিনি যখন দায়িত্ব গ্রহণ করেছেন সকলের সাথেই দেখা করবেন, সেজন্যই আমার সঙ্গে তিনি দেখা করেছেন। সুষ্ঠু, অবাধ ও সহিংসতামুক্ত নির্বাচন করবে বর্তমান সরকার। এবিষয়ে জনগণের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার অঙ্গীকারবদ্ধ।
আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এক প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।
এসময় ব্রিটিশ হাইকমিশনের গভর্ন্যান্স উপদেষ্টা রফিকুজ্জামান, ব্রিটিশ হাইকমিশনের দ্বিতীয় সেক্রেটারি (রাজনৈতিক) ভেনেসা বিউমন্ট উপস্থিত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের আইনি অবকাঠামোর অনেক কিছুই ব্রিটিশ আইনের ওপর নির্ভরশীল। এখন আইনের ক্ষেত্রে অনেক রকম উন্নয়ন হয়েছে এবং এটা আরও কীভাবে উন্নতি করা যায়, সে ব্যাপারে আমরা দুজন পরস্পর আলাপ-আলোচনা করেছি। আমি বিশেষভাবে বলেছি, আমাদের যে জুডিশিয়াল অফিসার ও আইনজীবী আছেন, তাদের প্রশিক্ষণের ব্যাপারে আলাপ করেছি। তিনি আরো বলেন, আমরা বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে, যেটা তার আগের এরিয়া ছিল, সেটা নিয়ে কথাবার্তা বলেছি। তিনি নিজে বাংলাদেশে ফিরে আসতে পেরে অত্যন্ত খুশি।
নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, এ প্রশ্নে আইনমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে আমার সঙ্গে সেভাবে কথা হয়নি। তিনি আমাকে শুধু এই কথাই বলেছেন, আমি খুব ইন্টারেস্টিং সময়ে বাংলাদেশে এসেছি। আমি বলেছি, হ্যাঁ। এখন কমবেশি আমাদের মনোযোগ হচ্ছে নির্বাচন।

















