চাঁদপুরে পিতা কর্তৃক ধর্ষণ, ৪ মাসের অন্তঃসত্ত্বা কণ্যা
- আপডেট সময় : ০৩:০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ১০১৬ বার পড়া হয়েছে
চাঁদপুরে পিতা কর্তৃক ধর্ষণ, ৪ মাসের অন্তঃসত্ত্বা কন্যা
স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় পিতার বিরুদ্ধে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ফলে ওই মাদ্রাসা ছাত্রী ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত পিতার বাড়ি তালাবদ্ধ করে দিয়েছে।
ভূক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার টামটা উত্তর ইউনিয়নের চেঙ্গাছাল গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন (৩৭)। সে তার ১৫ বছর বয়সী কন্যাকে দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন করে আসছিল। সম্প্রতি ওই কিশোরীর শারীরিক অবস্থার পরিবর্তন লক্ষ্য করলে তার মা শিরিন আক্তার তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষায় কিশোরী প্রায় ৪ মাসের গর্ভবতী বলে নিশ্চিত হয়।
বিষয়টি বাড়িতে জানাজানি হলে ভূক্তভোগীর মা শিরিন আক্তার ও ধর্ষকের মধ্যে ঝগড়া হয়। এই ঘটনার পর গেলো ৭ দিন আগে ভূক্তভোগীর গর্ভপাত করানোর উদ্দেশ্যে তার মা হাজীগঞ্জ থানার এনায়েতপুরে নানাবাড়ি নিয়ে যান। কিন্তু খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয় ইউপি সদস্য মোশাররফ হোসেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ওয়ার্ড যুবদলের সভাপতি সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত পিতাকে আটক করে কঠোর শাস্তির দাবি করছি। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত পিতার বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, আমি স্থানীয়দের মাধ্যমে ঘটনা অবগত হয়ে ভুক্তভোগীর বাড়িতে পুলিশ পাঠিয়েছি। বাড়িতে তালাবদ্ধ পেয়ে তার নানার বাড়িতে খোঁজ নিয়েও ভুক্তভোগী বা তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। অভিযুক্তকে আটক করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।












