চাঁদা না দেওয়ায় কক্সবাজারে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার
- আপডেট সময় : ১২:৫৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ১০২২ বার পড়া হয়েছে
চাঁদা না দেওয়ায় কক্সবাজারে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার
স্টাফ রিপোর্টারঃ
চাঁদা না দেওয়ায় কক্সবাজারে গণেশ পাল (২৯) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ সনাতনী সমাজ। আজ শনিবার (৭ মার্চ) সন্ধ্যার পর জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন তারা।
নিহত গণেশ পাল কক্সবাজার পৌরসভা মার্কেটের একজন ব্যবসায়ী ছিলেন। শনিবার দুপুরে শহরের পল্লানকাটা এলাকায় নিজ বাড়ির পাশে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
পরে বিকেল ৩টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় সূত্র জানায়, দুপুর ২টার দিকে গণেশ পালের কাছে স্থানীয় সন্ত্রাসী জিসান ও তার সহযোগীরা এক লাখ টাকা চাঁদা দাবি করে। গণেশ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তার ওপর হামলা চালিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের ভাই আশীষ পাল জানান, পল্লানকাটা এলাকায় নতুন বাড়ি নির্মাণ করছিলেন গণেশ। এ কাজকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসী জিসানের দল তার কাছে নিয়মিত চাঁদা দাবি করছিল। সর্বশেষ এক লাখ টাকা চাঁদা দাবি করা হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এর জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে সন্ধ্যায় শহরের সনাতনী সম্প্রদায়ের লোকজন জেলা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীদের নেতা দীপক শর্মা দীপু বলেন, ‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর জেলার বাসিন্দা। দিনের আলোতে এ ধরনের হত্যাকাণ্ডে আমরা ক্ষুব্ধ। আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সফরে আসছেন। তার আগেই হত্যাকারীদের আটক করা না হলে আমরা আরো কঠোর আন্দোলনে যাব।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার জানান, ঘটনার তদন্ত চলছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


















