ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দুর্ঘটনা, মুহূর্তেই দুমড়েমুচড়ে গেল ৭ গাড়ি
- আপডেট সময় : ০১:১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / ১০৬৮ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:
দেশে বেড়েছে শীতের তীব্রতা। শীতের সঙ্গে বাড়ছে ঘন কুয়াশাও। আর এ কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে সাতটি গাড়ি। একটির পেছনে আরেকটির ধাক্কায় গাড়িগুলো মুহূর্তেই দুমড়েমুচড়ে যায়। এ যেন এক সিনেম্যাটিক দুর্ঘটনা।
সোমবার সকালে সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কবলে পড়া যানবাহনের মধ্যে রয়েছে- একটি ট্রাক, পাঁচটি প্রাইভেটকার ও মাইক্রো এবং আরাম পরিবহনের একটি বাস। এতে আহত হয়েছেন পাঁচজন। তবে নিহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর দীর্ঘ সময় ধরে এক্সপ্রেসওয়ের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।স্থানীয়রা জানায়, ঘন কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ের অনেক জায়গায় বস্তু বা ব্যক্তির অস্তিত্ব দৃষ্টিগোচর হচ্ছিল না।
খুব কাছের কিছুও দেখা যাচ্ছিল না। সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশাচ্ছন্ন এক্সপ্রেসওয়েতে কিছু দেখতে না পেয়ে প্রথমে ঢাকামুখী একটি ট্রাক রাস্তার নিরাপত্তা বেষ্টনীর সঙ্গে ধাক্কা খায়। এ সময় পেছনে থাকা পাঁচটি প্রাইভেটকার ও সবশেষে একটি যাত্রীবাহী বাস গিয়ে একের পর এক ধাক্কা খায়। দুর্ঘটনায় শেষের প্রাইভেটকারটি সবচেয়ে বেশ ক্ষতিগ্রস্ত হয়। এতে পাঁচজন আহত হন।
আহতদের অবস্থা তেমন গুরুতর নয়। কারণ কুয়াশার কারণে ব্যস্তমত এ এক্সপ্রেসে যানবাহন চালকরা খুব ধীর গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তাই একটি গাড়ি আরেকটির ওপর উঠে গেলেও গাড়িগুলো দুমড়েমুচড়ে যায়। কিন্তু যাত্রী ও চালকদের তেমন ক্ষতি হয়নি।
শ্রীনগরের হাসাড়া হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনায় পর দীর্ঘক্ষণ এক্সপ্রেসওয়ের একটি পাশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।




















