ঢাকা-১৭ উপনির্বাচনে ভোট পড়েছে ১২-১৩ শতাংশ-ইসি
- আপডেট সময় : ১১:৩৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ১০৫৫ বার পড়া হয়েছে
ঢাকা-১৭ উপনির্বাচনে ভোট পড়েছে ১২-১৩ শতাংশ-ইসি
আস্থা ডেস্কঃ
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ১২ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোঃ আলমগীর। আর ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। আজ সোমবার (১৭ জুলাই) সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের পর গণনা চলছে গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, ভাটারা এলাকা নিয়ে গঠিত ঢাকা আসনে।
ভোটে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ না এলেও ঢাকা-১৭ আসনে ভোট শুরুর কয়েক ঘণ্টা পর স্বতন্ত্র প্রার্থী মোঃ তারেকুল ইসলাম ভূঁঞা ভোট বর্জনের ঘোষণা দেন। তার অভিযোগ, কেন্দ্র তাকে ঢুকতে দেওয়া হয়নি এবং প্রতিটা কেন্দ্রে জোর করে নৌকা প্রতীকে সিল দেওয়া হচ্ছে।
অপরদিকে ভোটকেন্দ্র থেকে নিজের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। একটি কেন্দ্রে গিয়ে তিনি মারধরের শিকার হন।
নির্বাচন কমিশনার আলমগীর বলেন, ১২৪ টি কেন্দ্রে ভোট হয়েছে একটি কেন্দ্রে সমস্যা হলে সেটাকে বিচ্ছিন্ন ঘটনাই বলতে হয়। স্বতন্ত্র ঐ প্রার্থী লোকজন নিয়ে কেন্দ্রে প্রভাব বিস্তার করতে চেয়েছিলেন। তখন পুলিশ বাধা দিয়েছে।
তবে রাস্তায় যারা তাকে মারধর করেছেন তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবার নির্দেশ দেয়া হয়েছে। এটি দুঃখজনক ঘটনা।
গত মে মাসে চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুকের (আকবর খান পাঠান) মৃত্যুর পর শূন্য ঘোষণা করা হয় ঢাকা-১৭ আসন। তিন লাখ ২৫ হাজার ভোটারের এই সংসদীয় আসনে ভোটকেন্দ্র রয়েছে ১২৪টি। আর উপনির্বাচনে লড়ছেন আটজন প্রার্থী।
এদের মধ্যে রয়েছে, আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত (নৌকা), জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান (লাঙ্গল), জাকের পার্টির কাজী মোঃ রাশিদুল হাসান (গোলাপ ফুল), তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ), বাংলাদেশ কংগ্রেসের মোঃ রেজাউল ইসলাম স্বপন (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মোঃ আকবর হোসেন (ছড়ি), আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম (একতারা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

















