ঢাবি ছাত্রী তুষ্টির মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে: প্রক্টর
- আপডেট সময় : ০৫:৩৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
- / ১০৫২ বার পড়া হয়েছে
ঢাবি ছাত্রী তুষ্টির মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে: প্রক্টর
জেলা প্রতিনিধিঃ ইসরাত জাহান তুষ্টির মেডিকেল রিপোর্টের অপেক্ষা করছি বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।
রোববার (৬ জুন) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাবি প্রক্টর। এ বিষয়ে প্রক্টরিয়াল টিম কাজ করছে উল্লেখ করে এ কে এম গোলাম রব্বানী বলেন, “তুষ্টির মৃত্যুর কারণ জানার চেষ্টা করছি।”
তুষ্টির রুমমেট এবং বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রাহনুমা তাবাসসুম রাফি বলেন, “বেশ কয়েকদিন ধরে তু্ষ্টি অ্যাজমা ও শ্বাসকষ্টে ভুগছিল। ওর অ্যাজমা ছিল, ইনহেলার নিতে হত তু্ষ্টির। ওর শ্বাসকষ্টের সমস্যাও ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, “চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন তুষ্টি ঠান্ডাজনিত সমস্যার কারণেই মারা গেছেন।”
তুষ্টি ঢাবির ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি নেত্রকোণার আটপাড়া উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের মো. আলতাফ হোসেনের মেয়ে।
[irp]
ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. সাইফুল ইসলাম জানান, সকাল সোয়া ৭টার দিকে খবর পেয়ে স্টাফ কোয়ার্টার ইউনিট ২-এর ১৮ নম্বর ভবনের নিচতলায় একটি রুমের বাথরুমের দরজা ভেঙে অচেতন অবস্থায় ইসরাত জাহানকে উদ্ধার করা হয়। তাকে উদ্ধার ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাইফুল ইসলাম আরও জানান, দুজন শিক্ষার্থীর মিলে স্টাফ কোয়ার্টারের নিচতলায় একটি বাসায় সাবলেট ভাড়া থাকতেন। সকালে তার রুমমেট ঘুম থেকে উঠে বাথরুমের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পায়। ভেতরে কলের পানি পড়ছিল। পরে ওই রুমমেট ৯৯৯-এর মাধ্যমে খবর দিলে ওই বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।
এদিকে ইসরাত জাহানের এক সহপাঠী জানান, তু্ষ্টি থাকতেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ৪২২ নম্বর কক্ষে। তবে হল বন্ধ থাকায় তিনি আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে সাবলেট থাকতেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, “বাথরুমের দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা দরজা ভেঙে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
[irp]



















