দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন
- আপডেট সময় : ০১:৪৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০০১ বার পড়া হয়েছে
দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন
ডেস্ক রিপোর্টঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা জৈনপুরী এক্সপ্রেসের ৩ টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পরিবহনটির ১ টি বাস সম্পূর্ণ এবং অপর ২ টি বাস আংশিক পুড়ে গেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মুন্সিরহাট বাজার এলাকায় বাবুরহাট-ঢাকা রুটে চলাচলকারী পার্কিং করা বাসে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ মেহেদী হাসান তুহিন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে মুন্সীরহাট বাজার এলাকায় বাসগুলো পার্কিং করা ছিল। দাঁড়িয়ে থাকা ১ টি বাসে আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা ছড়িয়ে পড়লে পাশের ২ টি বাসও আংশিক পুড়ে যায়। এরপর যে যার মতো করে আগুন নেভানোর চেষ্টা করে।
খবর পেয়ে মতলব দক্ষিণের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাসগুলোতে কোনো যাত্রী বা চালক-সহকারী অবস্থান না করায় প্রাণহানির ঘটনা ঘটেনি।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ মেহেদী হাসান তুহিন বলেন, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ১ টি জৈনপুরী এক্সপ্রেস বাস সম্পূর্ণ ও অপর ২টি জৈনপুরী এক্সপ্রেস বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।



















