দৃষ্টি আকর্ষণের জন্যই হামলার হুমকি দিয়ে উড়োচিঠি-সিটিটিসি
- আপডেট সময় : ০৪:১৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১০৪৭ বার পড়া হয়েছে
দৃষ্টি আকর্ষণের জন্যই হামলার হুমকি দিয়ে উড়োচিঠি- সিটিটিসি
আস্থা ডেস্কঃ
অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়েছেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য দাবি করে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। চিঠির প্রেরক নিজেকে মোহাম্মদ সাইফুল বলে পরিচয় দেন। বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেছেন, গতকাল চিঠিটি বাংলা একাডেমিতে পৌঁছেছে। আমরা শাহবাগ থানায় একটি সাধারণ ডায়রি করেছি।
তিনি জানান, গত ২০ ফেব্রুয়ারি খিলগাঁও পোস্ট অফিস থেকে চিঠিটি পাঠানো হয়। বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা বলেন, খামের সিল বিশ্লেষণ করে কোন জায়গা থেকে এটি পাঠানো হয়েছে সেটা আমরা চিহ্নিত করেছি।
রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) শহীদুল্লাহও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিঠিটি আরও যাচাই-বাছাইয়ের জন্য সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। তিনি বলেন, চিঠিটি জঙ্গি সংগঠনটি (আনসার আল ইসলাম) পাঠিয়েছে কি না, তা জানার জন্য আমরা তদন্ত শুরু করেছি।
এর পরিপ্রেক্ষিতে বইমেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান শাহবাগ থানার ওসি (তদন্ত) মাহফুজুল হক ভূঁইয়া।
জঙ্গি গোষ্ঠীর দৃষ্টি আকর্ষণের জন্যই উড়োচিঠি দিয়ে হামলার হুমকি দেয়া হয়েছে। তবুও বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মোঃআসাদুজ্জামান। শুক্রবার দুপুরে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, চিঠি দিয়ে বাংলাদেশে কোনো জঙ্গি গোষ্ঠির হামলার নজির নেই। জঙ্গি গোষ্ঠীর দৃষ্টি আকর্ষণের জন্যই উড়োচিঠি দিয়ে হামলার হুমকি দেয়া হয়েছে। তবুও একটি চিঠি দেয়া হয়েছে, এ বিষয়ে আমরা কাজ করছি।
চিঠিটি ডাকযোগে পাঠানো হলেও কোথা থেকে এবং কীভাবে পাঠানো হয়েছে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া, ওই এলাকা ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ পুলিশের সদর দপ্তর ও অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে হাতে লেখা চিঠি পাঠিয়েছে একটি জঙ্গি সংগঠন। বৃহস্পতিবার এ বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
চিঠিতে লেখা আছে, যাত্রাবাড়ীর দুটি বড় আবাসিক হোটেলে প্রকাশ্য দিবালোকে দেহব্যবসা হয়। এগুলো বন্ধ করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চিঠি দেয়া হয়। কিন্তু পুলিশ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।
চিঠি পাওয়া মাত্র যদি দেহব্যবসা বন্ধ না হয় তবে বাংলা একাডেমি আয়োজিত বইমেলায় বোমা মেরে হামলা করা হবে। পাকিস্তানের করাচীর মতো পুলিশ সদর দপ্তরে বোমা মেরে পুলিশকে হত্যা করা হবে বলেও হুমকি দেয়া হয়েছে।
















