নওগাঁয় পিকআপ-টমটম সংঘর্ষে দুই নারীর মৃত্যু
- আপডেট সময় : ০৮:৩৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
- / ১০৪৭ বার পড়া হয়েছে
আমিনুল জুয়েল নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় পিকআপ ও ব্যাটারী চালিত টমটম মুখোমুখি সংঘর্ষে টমটমের দুই নারী যাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় টমটমে থাকা আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন-জেলার মান্দা উপজেলার কুলীহার গ্রামের খোকার স্ত্রী আবেদা বিবি (৬০) ও একই এলাকার আলীর স্ত্রী বেবি খাতুন (৩৫)।
বুধবার ৩ আগস্ট বিকেলে ওই উপজেলার চকগৌরীর খরা তলীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ মেহেদী হাসান বলেন, মহাদেবপুরের কুলীহার এলাকা থেকে একটি টমটমে চড়ে তারা নওগাঁর দিকে আসছিলেন।
এসময় উপজেলার চকগৌরীর খরা তলীর মোড় এলাকায় টমটমটি পৌঁছালে নওগাঁ থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমে থাকা সবাই গুরুতর আহত হলে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে আবেদা বিবির মৃত্যু হয়।
আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেবি। এদিকে, আহত পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সদর হাসপাতাল মর্গে লাশ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।





















