ফুলবাড়ীয়ায় ছেলের হাতে পিতা খুন
- আপডেট সময় : ০৯:২৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
- / ৯৯৭ বার পড়া হয়েছে
ফুলবাড়ীয়ায় ছেলের হাতে পিতা খুন
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধ পিতাকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলের সন্তানরাও জড়িত বলে জানিয়েছে পুলিশ।
আজ রোববার (২৯ মার্চ/২৬) উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হোসেন আলী (৭০) স্থানীয়ভাবে শুঁটকি ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে হোসেন আলীর সঙ্গে তার ছেলে রফিকুল ইসলামের বিরোধ চলছিল। রোববার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধটি চরম আকার ধারণ করে। এক পর্যায়ে রফিকুল ইসলাম তার বড় ছেলে ইব্রাহিম খলিলসহ আরও কয়েকজনকে নিয়ে হোসেন আলীর ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে গুরুতর আহত করে। মাথায় গুরুতর আঘাতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পরও নির্যাতন বন্ধ হয়নি। পরে তাকে পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়, যেখানে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলাম ও তার ছেলে ইব্রাহিম খলিলকে আটক করা হয়েছে। অন্য দুই অভিযুক্ত পলাতক রয়েছে এবং তাদের আটকের চেষ্টা চলছে।
দৈনিক আস্থা/এমএইচ



















