‘ফ্যামিলি কার্ডে’ মিলবে নগদ টাকা:তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৪১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০১২ বার পড়া হয়েছে
‘ফ্যামিলি কার্ডে’ মিলবে নগদ টাকা:তথ্যমন্ত্রী
মোফাজ্জল হোসেন ইলিয়াছ/মানিক পাটোয়ারীঃ
প্রাথমিকভাবে পাঁচ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্যমন্ত্রী বলেন, কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে চাকরিচ্যুত করতে হলে বিধি অনুযায়ী করতে হবে। মব করে কাউকে চাকরিচ্যুত করা যাবে না। বাসস-এ যেটা হয়েছে সেটা শুনেছি। এই ঘটনা দুঃখজনক।
বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভিতে কয়েকজন সাংবাদিকের ‘চাকরিচ্যুতির’ বিষয়টি আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদায়ন নিয়ে সৃষ্ট জটিলতা বিধি অনুযায়ী সমাধান হবে বলেও মন্তব্য করেন তিনি।
বাসসের এমডি মাহবুব মোর্শেদের পদত্যাগ দাবিতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থাটির এক কর্মী সেখানে বিক্ষোভ করেছেন। আর বেসরকারি টেলিভিশন এখন টিভিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পাঁচ সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এ নিয়ে সাংবাদিক সমাজে চলছে মিশ্র প্রতিক্রিয়া।
বাসস প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, ‘এটা একটা দুঃখজনক ঘটনা। তবে বাংলাদেশ সংবাদ সংস্থা যেহেতু একটা সরকারি সংস্থা এবং এখানে নিয়োগ এবং নিয়োগ বহাল অথবা বাতিল এই সমস্ত কিছুরই একটা বিধিবদ্ধ নিয়ম আছে। অবশ্যই সরকার সবকিছু বিধিবদ্ধ নিয়মের মধ্যেই বিবেচনা করবে। আলাপ-আলোচনা সাপেক্ষে বিধান অনুযায়ী সমাধান বের করব।’
এখন টিভি প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন টিভির ঘটনায় সংশ্লিষ্ট কজন এবং এখন টিভির মালিক পক্ষ—উভয়ের সঙ্গে কথা বলে বিষয়টা ভালো করে বুঝব। সমঝোতার মধ্যে সমাধান করা যায় কি না দেখব। ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে আমি কোনো মন্তব্য করছি না। কিন্তু যেকোনো ঘটনাকে নিষ্পত্তি করব বিধিবিধানের মধ্য দিয়ে। কেউ মনে করার কারণ নাই যে মব করলেই সবকিছু সমাধান হয়ে যাবে।’
এ সময় কৃষমিন্ত্রী আমিন উর রশিদ বলেন, এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে ফ্যামিলি কার্ড হিসেবে নগদ টাকা দেওয়া হবে। ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে হতদরিদ্র এবং নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানান, ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে চালু হবে। আমাদের প্রধানমন্ত্রী চান, অন্তত পাইলট প্রজেক্ট হিসেবে ঈদের আগেই শুরু করতে। এইটুকু আমি জানি। কার্যক্রমটা কীভাবে চালু করা হবে, সেটা নিয়েই কথা হয়েছে।



















