বগুড়ার নন্দীগ্রামে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
- আপডেট সময় : ০৫:৪৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
- / ১০৬৩ বার পড়া হয়েছে
বগুড়ার নন্দীগ্রামে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
মিলন হোসেন/বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে শিশুসহ ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। আজ সোমবার ১৩ মার্চ সকাল ৮ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রামের কুন্দারহাট নামক বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলো-নন্দীগ্রামের দামগাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে অটোরিকশা চালক হেফজুল ইসলাম (৪৫), ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে আব্দুল আলিম (৩) এবং নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মিনহাজুল ইসলাম (২২)।
আহতরা হলেন-পিকআপভ্যানের চালক ও সহকারীসহ সিএনজি চালিত অটোরিকশার ৪ জন যাত্রী। আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, কুন্দার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশা বগুড়ার দিকে যাচ্ছিল। এমন সময় নাটোরগামী পিকআপ ভ্যানের সাথে কুন্দার বাস স্ট্যান্ড এলাকায় মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ ৩ জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পিকআপের চালক, হেলপারসহ আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠিয়েছে৷ অটোরিকশা এবং পিকআপ ভ্যানটি পুলিশ হেফাজতে আছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


















