বৃষ্টিতে চট্টগ্রামে হাঁটুপানি, দুর্ভোগে নগরবাসী
- আপডেট সময় : ০১:৩০:০৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
- / ১০৪৬ বার পড়া হয়েছে
বৃষ্টিতে চট্টগ্রামে হাঁটুপানি, দুর্ভোগে নগরবাসী
জেলা প্রতিনিধিঃ চট্টগ্রামে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। ফলে হাঁটু পানিতে ডুবে গেছে নগরীর বিভিন্ন সড়ক। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে নগরবাসীকে পড়তে হচ্ছে দুর্ভোগে।চট্টগ্রামে রোববার (৬ জুন) সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. শহিদুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রামে ৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে, চট্টগ্রামের প্রবর্তক মোড়, ওয়াসা মোড়, আগ্রাবাদ সিডিএ আবাসিক, বাকলিয়া, মুরাদপুর, চকবাজার, কাতালগঞ্জসহ নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে নগরবাসীকে। বিশেষ করে সকালে যাদের অফিস ছিল তাদের বেশ ঝামেলা পোহাতে হয়েছে।
চট্টগ্রামের প্রবর্তক মোড়ে সাইফুল ইসলাম শামীম নামে একজন বলেন, বৃষ্টি হলেই প্রবর্তকসহ চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলে পানি জমে থাকে। আজও প্রবর্তক মোড়ে হাঁটুপানি জমেছে। চট্টগ্রামবাসী এ কষ্ট থেকে কখন মুক্তি পাবে আল্লাহই ভালো জানেন। জলাবদ্ধতা নিরসনে যে প্রকল্প নেওয়া হয়েছে তা দ্রুত শেষ করার দাবি জানাচ্ছি।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মোরশেদ আলম বলেন, বৃষ্টির মধ্যেই বাসা থেকে বের হতে হয়েছে। রাস্তায় পানি থাকায় অতিরিক্ত রিকশা ভাড়া দিয়ে গন্তব্য পৌঁছাতে হয়েছে।
আলম খান নামের একজন অভিযোগ করে বলেন, চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে নেওয়া প্রকল্পের কাজ এখনও শেষ না হওয়ায় নগরবাসীকে দুর্ভোগে পড়তে হয়। জলাবদ্ধতা নিরসনে অনেক প্রকল্প নেওয়া হলেও এখনও নগরবাসী তার সুবিধা পাচ্ছে না।
[irp]

























