মাদারীপুরে হত্যাকান্ডে রণক্ষেত্র: হাতবোমা বিস্ফোরণ, বাড়ি ঘরে আগুন ও লুটপাট
- আপডেট সময় : ০২:১৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ১০২৬ বার পড়া হয়েছে
মাদারীপুরে হত্যাকান্ডে রণক্ষেত্র: হাতবোমা বিস্ফোরণ, বাড়ি ঘরে আগুন ও লুটপাট
স্টাফ রিপোর্টারঃ
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সৃষ্ট বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যার পর ব্যাপক সহিংসতা, হাতবোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (১০ মার্চ) রাতে নতুন মাদারীপুর এলাকায় প্রতিপক্ষের অন্তত ২০টি বসতবাড়িতে আগুন দেওয়া হয় এবং আরও প্রায় ২০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাতটার দিকে নতুন মাদারীপুর এলাকায় সাবেক পৌর কাউন্সিলর আখতার হাওলাদারের সমর্থক আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ গ্রুপের লোকজন।
এই হত্যাকাণ্ডের জের ধরেই রাতে আলমগীর হাওলাদারের সমর্থকরা পাল্টা হামলা চালিয়ে জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক লাবলু হাওলাদার ও হাসান মুন্সীর ঘরসহ অন্তত ২০টি বাড়িতে অগ্নিসংযোগ করে এবং আরও প্রায় ২০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।
স্থানীয়রা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও ফায়ার সার্ভিসের যৌথ দল আসার চেষ্টা করলেও, হামলাকারীরা কয়েকটি স্থানে হাতবোমা বিস্ফোরণ ঘটায় এবং ইট, গাছ ফেলে এলাকার বিভিন্ন প্রবেশপথ বন্ধ করে দেয়। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পরিস্থিতি বর্তমানে উত্তেজনাপূর্ণ থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন মাদারীপুর এলাকায় মনিরুজ্জামান আক্তার হাওলাদার ও হাসান মুন্সীর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়। এর আগে ২০২৫ সালের ২৩ মার্চ শ্রমিক দলের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে হাসান মুন্সীর ভাই ও সদর উপজেলা শ্রমিক দলের নেতা শাকিল মুন্সীকে কুপিয়ে হত্যা করা হয়।
এদিকে আলমগীর হাওলাদার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ ব্যাপারী নামে একজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে এলাকাটিতে চরম উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
আস্থা/এমএইচ


















