মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৫:২০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। তাই কর্মকর্তা কর্মাচারীরাও সরকারের অংশ। সরকার তখনি ভালো করবে যখন আপনারা সরকারকে সহযোগিতা করবেন। এজন্য মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মকর্তা-কর্মচারীদের কাজ করতে হবে।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মোঃ ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও মাহদী আমিন উপস্থিত ছিলেন।
সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে কার্যালয়ের গঠন ও কার্যাবলী বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।
প্রধানমন্ত্রী আরো বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি মেনিফেস্টো থাকে। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনি ম্যানিফেস্টো বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। তাই মেনিফেস্টোর প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের কাজ করতে হবে। প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও শিক্ষা খাত, নারী শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়াসহ মেনিফেস্টোতে উল্লিখিত সকল অ্যাজেন্ডাগুলো বাস্তবায়নে সরকারী কর্মকর্তা- কর্মচারীদের সহযোগিতা চান।
তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারা যেন নিরাপদ বোধ করে। আমরা সকলে যদি একসাথে কাজ করি তাহলে নিশ্চয়ই এই লক্ষ্য অর্জন করতে পারব। এছাড়া দেশ থেকে দুর্নীতি দূর করতেও কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ সহযোগিতা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় প্রধানমন্ত্রী দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তার বিষয়গুলো মেনে চলার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন। এছাড়া জাতিকে একটি সুশৃঙ্খল জায়গায় নিয়ে আসতে প্রজাতন্ত্রের কর্মচারীদের সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।



















