রাজশাহীতে নিজ দলের কর্মীকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা
- আপডেট সময় : ০২:০৫:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ৯৯৯ বার পড়া হয়েছে
রাজশাহীতে নিজ দলের কর্মীকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা
স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর চারঘাট উপজেলায় বিএনপির এক কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিজ দলের কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম এরশাদ আলী (৬৫)। তিনি সিপাইপাড়া গ্রামের বাসিন্দা এবং ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সদস্য। এরশাদ আলী রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের অনুসারী হিসেবে পরিচিত।
যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ তারা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী। আনোয়ার হোসেন এবার জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম রাত সাড়ে ১১টার দিকে বলেন, শুক্রবার জুমার নামাজের পর স্থানীয়রা মসজিদে বসে একটি ইসলামি জলসা আয়োজন করার ব্যাপারে আলোচনা করছিলেন।
এ সময় এক পক্ষ বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করতে চান। আর অপরপক্ষ স্থানীয় এমপি আবু সাঈদ চাঁদকে প্রধান অতিথি করতে চান। এ সময় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কিতে আলোচনা ভেস্তে যায়।
এসআই সিরাজুল ইসলাম আরও জানান, রাতে এরশাদ আলী তারাবির নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন। ওই সময় চায়ের দোকানে বসে ছিলেন আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী সাইদুর রহমান, সুমন আলী, সাব্বির, আশাদুল, জোয়াদসহ কয়েকজন।
তারা এরশাদ আলীকে ধরে লাঠি ও পেয়ারা গাছের ডাল দিয়ে পেটাতে থাকেন। এতে ঘটনাস্থলেই এরশাদ আলীর মৃত্যু হয়। এরশাদ আলীর বাড়ির পাশেই ঘটনাটি ঘটে। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়ি নিয়ে যান।
এসআই সিরাজুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। অভিযুক্তরা ঘটনার পরই পালিয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে। আর নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে থানায় হত্যা মামলাও হবে।



















