ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরাদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৫:০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / ১০১৪ বার পড়া হয়েছে
ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরাদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্কঃ
বুধবার (১৩ মে) ওমানের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর থেকে ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।
নিহতরা হলেন, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকার রাসেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তারা চারজনই আপন ভাই এবং দীর্ঘ দিন ধরে জীবিকার তাগিদে ওমানে অবস্থান করছিলেন।
ওমানে থাকা একই এলাকার বাসিন্দা ও নিহতদের মামাতো ভাই বাবুর মাধ্যমে প্রথমে দেশে পৌঁছে এ হৃদয়বিদারক সংবাদ। পরে লালানগর ইউনিয়নের মোঃ ইয়াকুব বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ৪ ভাইয়ের মধ্যে একজনের বিয়ের কথা চূড়ান্ত হয়েছিল। সেই বিয়ের কেনাকাটা করতেই তারা একসঙ্গে গাড়িতে করে বের হয়েছিলেন। খুব শিগগিরই দুই ভাইয়ের দেশে ফেরার কথা ছিল।
জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন একটি গাড়ির ভেতরে ৪ জনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ক্লান্তির কারণে তারা গাড়ির ভেতরে এসি চালিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। এতে এসির গ্যাস লিকেজ বা বিষক্রিয়াজনিত কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। বর্তমানে চার ভাইয়ের মরদেহ রোস্তাক থানার হেফাজতে রয়েছে এবং ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মাস্কাটে স্থানান্তরের প্রস্তুতি চলছে।
দৈনিক আস্থা/এমএইচ


















