বরিশালে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০১:৫২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ১০০৭ বার পড়া হয়েছে
বরিশালে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
আস্থা ডেস্কঃ
বরিশালের উজিরপুর উপজেলায় কাওসার হাওলাদার (৩৭) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাওসার হাওলাদার সাতলার আলামদী গ্রামের মোনাসেফ হাওলাদারের ছেলে। পেশায় তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কাওসার হাওলাদার, রাশেদ আমিনসহ কয়েকজন উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকার একটি সেতুর ওপর দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় একটি মাইক্রোবাসে করে একদল সশস্ত্র দুর্বৃত্ত এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
জীবন বাঁচাতে কাওসার ও রাশেদ আমিন সেতুর নিচের পানিতে লাফিয়ে পড়ে পাশের হাবিব হাওলাদারের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। সেখানে ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা কাওসারকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ঘটনায় যুবদল কর্মী রাশেদ আমিনও গুরুতর আহত হয়েছে।
উজিরপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আটকের জন্য পুলিশের একাধিক দল কাজ করেছে।
আস্থা/এমএইচ


















