কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৯:৩৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
- / ১০৩৬ বার পড়া হয়েছে
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এর উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
শুক্রবার (১৬ জুন) বাদ জুম্মা জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার।
বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, বর্তমান নির্বাচন কমিশন আগে শেখ হাসিনার ভোট চুরির কার্যক্রম পরিচালনা করতো, এখন সেই সাথে প্রার্থীদের হত্যার পরিকল্পনা করে থাকেন৷ মুফতি ফয়জুল করীম শায়েখে চরমোনাই হামলার এবং রক্তাক্ত হবার পরও নির্বাচন কমিশন জিজ্ঞাসা করে তিনি ইন্তেকাল করেছেন কিনা! বাংলাদেশের ইতিহাসে এমন নির্লজ্জ নির্বাচন কমিশন আর কখনো আসেনি৷ সমাবেশে বক্তারা আরো বলেন, আমাদের দলের সর্বোচ্চ নেতার উপর হামলা হয়েছে, ছাত্রলীগ-আওয়ামীলীগ গুন্ডা বাহিনী এর চরম মাশুল দিতে হবে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরাই একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।





















