অবশেষে কম্পিউটার পদে চাকরি পেলেন কিশোগঞ্জের শারীরিক প্রতিবন্ধী আনিছুর রহমান
Doinik Astha
- আপডেট সময় :
১১:৪৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- /
১০৪৫
বার পড়া হয়েছে
রায়হান জামান,স্টাফ রির্পোটার: “মাস্টার্স পর্যন্ত আমার সার্টিফিকেটগুলো নিয়ে নেন-নাহয় একটি চাকরি দেন। আর তা না হলে সার্টিফিকেটগুলো পুড়িয়ে ফেলবো
মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত দয়া চাচ্ছি দুইজন শারীরিক প্রতিবন্ধী ভাই বোন। মোঃআনিছুর রহমান (প্রতিবন্ধী )’’
শারীরিক প্রতিবন্ধী আনিছের এমন ফেসবুক পোষ্ট চোখে পড়েছে অনেকের কিন্তু চোখে পড়েনি চেয়ারম্যান, এমপি,প্রধানমন্ত্রী এমনকি রাষ্ট্রপতির।
কিশোরগঞ্জের মাস্টার্স করা শারীরিক প্রতিবন্ধী মো. আনিছুর রহমান একটি চাকরির জন্য স্থানীয় চেয়ারম্যান, এমপি,মন্ত্রী এমনকি রাষ্ট্রপ্রতির দুয়ার থেকেও খালি হাতে ফিরে এসেছেন। ফেসবুকে নিয়মিত চাকরি পাওয়ার পোষ্ট আর দেশের বিভিন্ন স্থানে চাকুরির পরীক্ষা যখন থাকে ক্লান্ত করে ফেলে ঠিক তখনই তিনি তার ফেসবুকে তার সকল শিক্ষগত সদনপত্র পুড়ে ফেলার সিদ্ধান্ত নেন।
ঠিক এর কিছুদিনের মধ্যে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী জীশান মীর্জার উদ্যোগে কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির অফিসে কম্পিউটার অপারেটর পদে চাকরি হয় তার। পুনাক সভানেত্রী জীশান মীর্জার পক্ষ থেকে মো. আনিছুর রহমানকে একটি কম্পিউটারও উপহার দেয়া হয়েছে।
মাস্টার্স ডিগ্রিধারী শারীরিক প্রতিবন্ধী যুবক মো. আনিছুর রহমানের কর্মসংস্থান উপলক্ষে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কিশোরগঞ্জ জেলা এক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে পুনাক সভানেত্রী জীশান মীর্জার পক্ষ থেকে মো. আনিছুর রহমানের হাতে চাকরির নিয়োগপত্র ও উপহারের কম্পিউটার হস্তান্তর করা হয়।
পুনাক কিশোরগঞ্জ জেলার সভানেত্রী মাহফুজা নাজনীন দিষার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
এতে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বাণ চৌধুরী, কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ, কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য সচিব শেখ ফরিদ আহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
শারীরিক প্রতিবন্ধী মো. আনিছুর রহমান কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ থেকে দর্শন বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। কিন্তু শারীরিক প্রতিবন্দ্বিতার জন্য যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি হচ্ছিল না তার।
বিষয়টি জানতে পেরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর কেন্দ্রীয় সভানেত্রী জীশান মীর্জা শারীরিক প্রতিবন্ধী যুবক মো. আনিছুর রহমানের কর্মসংস্থানের উদ্যোগ নেন। তাঁর মহতী উদ্যোগে কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির অফিসে কম্পিউটার অপারেটর পদে চাকরি হয় আনিছুর রহমানের।
পুনাক ও পরিবহন সমিতির পক্ষ থেকে চাকরি ও কম্পিউটারের ব্যবস্থা করায় মো. আনিছুর রহমান তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধান অতিথির বক্তৃতায় পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী জীশান মীর্জার উদ্যোগের প্রশংসা করে বলেন, আনিছুর রহমানের বাবা ঝালমুড়ি বিক্রি করেন। তার একটি বোনও প্রতিবন্ধী কিন্তু শিক্ষিত। আনিছুর রহমানের কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় পরিবারটি এখন ঘুরে দাঁড়াতে পারবে।
[irp]
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ