কেরানীগঞ্জ দিনে রাজমিস্ত্রী, রাতে ভয়ঙ্কর ডাকাত!
- আপডেট সময় : ১১:৩১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৮২ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:
দিনে তারা রাজমিস্ত্রী, ডেকোরেটর ও হোটেলে কাজ করে। আর রাত হতেই একত্রিত হয়ে বের হয়ে যায় ছিনতাই ও ডাকাতি করতে। চক্রটি রাজধানী এবং আশপাশের এলাকা থেকে পিকআপ বা ছোট ট্রাক ছিনতাই করে। তারপর ছিনতাই করা যানবাহনের মাধ্যমে ভোর রাতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ডাকাতি করে।
৯ ফেব্রুয়ারী, মঙ্গলবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ পেশাদার এই ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ জোনাল টিম।
আজ ১০ ফেব্রুয়ারী, বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।
তিনি বলেন, গত ২৮ জানুয়ারি ভোর সাড়ে ৪ টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে দুই ব্যক্তিকে ৬/৭ জন ডাকাত একটি পিকআপ দিয়ে গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোনসহ নগদ অর্থ ও মালামাল লুট করে নিয়ে যায়। ওই ঘটনায় চকবাজার মডেল থানায় মামলা হয়।মামলাটি গোয়েন্দা ডিবি লালবাগ বিভাগ ছায়া তদন্ত শুরু করে।
হাফিজ আক্তার আরও বলেন, তদন্তে গোয়েন্দা লালবাগ বিভাগ একটি ডাকাত চক্রের সন্ধান পায়। কেরানীগঞ্জ থানা এলাকায় তারা অবস্থান করে। এ চক্রের সদস্যরা দিনের বেলায় রাজমিস্ত্রী, ডেকোরেটর ও হোটেলে কাজ করে। রাতের বেলায় তারা একত্রিত হয়ে একটি দল গঠন করে। তারা রাজধানী এবং আশপাশের এলাকা থেকে পিকআপ বা ছোট ট্রাক ছিনতাই করে।
ছিনতাইকৃত যানবাহনের মাধ্যমে ভোর রাতে রাজধানীর মহখালী, এম ই এস, শাহআলী, মিরপুরের গুদারা ঘাট, শেরেবাংলানগর সহ সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ এবং ভুলতা এলাকার রাস্তায় ঘুরে ঘুরে ডাকাতি করে থাকে।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, চকবাজার থানায় হওয়া মামলার ডাকাতির ঘটনায় ৭ জন ডাকাত অংশগ্রহণ করে। যার মধ্যে উল্লেখিত ৫ জনকে গ্রেফতার করা হয়। বাকী এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, দস্যুতাসহ অন্যান্য মামলার তথ্য পাওয়া যায়।
এমন ঘটনার শিকার হলে কিংবা তথ্য পেলে পুলিশকে অবহিত করার জন্য সকলকে অনুরোধ জানান এ গোয়েন্দা কর্মকর্তা।




















