চুয়াডাঙ্গার জীবননগরে গৃহবধূর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে
- আপডেট সময় : ০৪:৪১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৮৯ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের কোমরপাড়া মাঠের এক আখ ক্ষেতে তারজিনা খাতুন (২৫) নামে এক গৃহবধূর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় ওই মাঠ থেকে গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের সময় ওই গৃহবধূর মাথা ও গলাসহ শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তারজিনা খাতুন জীবননগর উপজেলার শিংনগর গ্রামের মেহের পাড়ার আব্দুস সালামের স্ত্রী।
এর আগে সোমবার বিকেলে স্বামী আব্দুস সালাম এবং তারজিনা খাতুন শিংনগর গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হোন। এখনো পর্যন্ত স্বামী আব্দুস সালামের কোনো সন্ধান পাওয়া যায়নি।
শিংনগর গ্রামের বাসিন্দা ইমরুল হাসান রাজু জানান, সিংনগর গ্রামের আব্দুস সালাম এবং তার স্ত্রী তারজিনা খাতুন পরের জমিতে কামলা খাটতেন। গত সোমবার বিকেলে কামলা খেটে তারা আর বাড়িতে ফেরেননি।
উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, আজ সন্ধ্যায় উথলী গ্রামের কয়েকজন কৃষক মাঠে ঘাস কাটতে যাওয়ার সময় স্থানীয় কোমর পাড়া মাঠের এক আখ ক্ষেতে বিবস্ত্র নারীর লাশ দেখতে পায়। পরে এলাকাবাসী শনাক্ত করেন উদ্ধার হওয়া বিবস্ত্র লাশ নিখোঁজ হওয়া তারজিনা খাতুনের।
জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, আজ সন্ধ্যায় খবর পেয়ে উথলী গ্রামের একটি মাঠ থেকে এক গৃহবধূর বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী আব্দুস সালাম টাকার জন্য নিজেই তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে। স্বামী আব্দুস সালাম বর্তমানে পলাতক রয়েছে।
তাকে গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।

























