ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
- আপডেট সময় : ১২:৩৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
- / ১০৫১ বার পড়া হয়েছে
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি রাইজিং স্পিনিং মিলের শ্রমিকেরা। এতে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকাল ৮টার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। পরে ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে মালিকপক্ষ আলোচনা করে সমাধানের কথা বললে শ্রমিকেরা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকদের দাবি, সরকারের বেধে দেওয়া নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা না দেওয়ায় বিক্ষোভ করেছেন তারা। অবিলম্বে তাদের নতুন নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা দিতে হবে।
এদিকে মালিক পক্ষ দাবি করছেন, স্পিনিং মিল পোশাক কারখানার অন্তর্ভুক্ত না। তাই সরকারের বেধে দেওয়া নতুন বেতন কাঠামো কার্যকরের প্রশ্নই উঠে না।
আন্দোলনরত শ্রমিকেরা বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব। তবে অজ্ঞাত কারণে সরকারি নীতিমালা অনুযায়ী বেতন ভাতা দিচ্ছে না রাইজিং স্পিনিং মিল কর্তৃপক্ষ। একাধিকবার শ্রমিকদের পক্ষ থেকে বিষয়টি জানালেও এ বিষয়ে উদাসীন কর্তৃপক্ষ। যে কারণে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে তারা মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছেন।
রাইজিং স্পিনিং মিলের এজিএম মোশারফ হোসেন বলেন, সরকার গার্মেন্টস সেক্টরে নতুন কাঠামো করে বেতন ভাতা দিচ্ছেন। স্পিনিং মিল তার আওতাভুক্ত নয়। কিন্তু বিষয়টি না বুঝেই আন্দোলন করছে রাইজিং স্পিনিং মিলের শ্রমিকেরা। এখানে কারও ইন্ধনেই অসাধু কিছু শ্রমিক অহেতুক এই আন্দোলন করছে বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু বলেন, আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মালিক-শ্রমিক উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের জন্য আলোচনার ব্যবস্থা করা হয়। পরে প্রায় ৩ ঘণ্টা পর বিক্ষোভ তুলে নিলে যান-চলাচল স্বাভাবিক হয়।





















