নিরপেক্ষতা না থাকলে হিসেবে নাকে খত দিয়ে চলে যাব-ডিএমপি কমিশনার
- আপডেট সময় : ০৩:২৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- / ১০৪৬ বার পড়া হয়েছে
ঢাকা-১৭ উপনির্বাচনে আমি ডিএমপি কমিশনার নিরপেক্ষতা না থাকলে নাকে খত দিয়ে চলে যাব।
স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ঢাকা-১৭ আসনের উপনির্বাচন শতভাগ সুষ্ঠু হওয়ার গ্যারান্টি দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, নির্বাচনে পুলিশের শতভাগ নিরপেক্ষতা না থাকলে ডিএমপি কমিশনার হিসেবে নাকে খত দিয়ে চলে যাব।
আজ মঙ্গলবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, আমরা আইনশৃঙ্খলার বিষয়টি দেখি। সব এলাকার জন্য সমান গুরুত্ব দেওয়া হবে। আমরা বিবেচনা করব কোথায় ঝুঁকি বেশি ও কোথায় ঝুঁকি কম। সে হিসেবে ফোর্স মোতায়েন কোথাও কম-বেশি হবে। ঢাকায় উপ-নির্বাচন নিয়ে কমিশন যে নির্দেশনা দিয়েছে, সুষ্ঠু ভোটে যা যা করণীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ডিএমপির সক্ষমতা রয়েছে। ঢাকার উপ-নির্বাচনে মোতায়েনের জন্য আমাদের যথেষ্ট ফোর্স রয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে। ইসির চাহিদা মোতাবেক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে যা যা করণীয় সব ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। ইসি যে ধরনের সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করতে চাচ্ছে সে ধরনের সহযোগিতা পুলিশের তরফ থেকে সবসময় থাকবে।
তিনি আরও বলেন, ভোট কেমন হবে তা নির্ভর করে জনগণ ও প্রিজাইডিং অফিসারের ওপর। আমাদের কাজ হলো কেন্দ্রের পুরো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। যাতে ভোটারারা নির্বিঘ্নে ভোট দিতে পারেন। নিরপেক্ষতা প্রমাণে পুলিশের শতভাগ উদ্যোগ থাকবে বলে জানান ডিএমপি কমিশনার।
গোলাম ফারুক বলেন, আমাদের নিরপেক্ষতা প্রমাণের জায়গা শতভাগ থাকবে। কারা বিশ্বাস করে না? আমি শতভাগ গ্যারান্টি দিলাম। ১৭ জুলাইয়ের নির্বাচন দেখেন, আমাদের নিরপেক্ষতা প্রমাণ পান কি না। যদি (নিরপেক্ষতা) না পান তখন বলবেন! আমি ডিএমপি কমিশনার হিসেবে নাকে খত দিয়ে চলে যাব।
এর আগে ডিএমপি কমিশনার বলেন, ঈদের বন্ধে রাজধানীতে বিচ্ছিন্নভাবে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমরা ঈদের আগেই অনেক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছিলাম। কিন্তু এরপরও দুঃখজনকভাবে বিষয়গুলো ঘটেছে। পুলিশ এসব বিষয়ে সর্বোচ্চ সতর্ক আছে।
তিনি বলেন, ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। রাজধানী ছিনতাইকারীমুক্ত না করা পর্যন্ত এ অভিযান চলবে। এর জন্য আমাদের যা করা লাগে, যত পরিশ্রম করা লাগে, আমরা করবো।
খন্দকার গোলাম ফারুক বলেন, পুলিশ কনস্টেবলকে হত্যার ঘটনায় আমরা সবাইকে গ্রেপ্তার করেছি। তাদের জিজ্ঞাসাবাদের পর আদালতে নেয়া হয়েছে। সাংবাদিক রাকিবুল হাসানকে কুপিয়ে আহত করার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরি, মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আরেক আসামি নজরদারিতে আছে, তাকেও যেকোনো সময় গ্রেপ্তার করা হবে।
ইসি সচিব জাহাংগীর আলম আলম বলেন, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন রয়েছে এবং বিভিন্ন এলাকায় আরও ৭৫টি ভোট রয়েছে ১৭ জুলাই। ঢাকা-১৭ উপ নির্বাচনে ব্যালট বাক্স ও ব্যালট পেপারের মাধ্যমে প্রথম ভোট হচ্ছে। আমাদের বার্তা একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করা। পুলিশ-প্রশাসনের প্রতি শতভাগ আস্থা রয়েছে। ইসির নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু ভোটের জন্য আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভায় অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















