শিরোনাম:
ভারত ফেরত ৩ শিক্ষার্থীর করোনা পজেটিভ
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০২:০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১
- / ১০৫২ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফেরত আসা বাংলাদেশি তিন শিক্ষার্থীর করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।
রোববার (১৬ মে) বিকেল সাড়ে ৫টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্তের বিষয় জানা যায়।
ভারতীয় ভ্যারিয়েন্ট করোনা ভাইরাস কিনা এটা জানা যায়নি। আবারও নমুনা সংগ্রহ করে ঢাকার আইডিসিআরে পাঠানো হচ্ছে বলে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ডা: মোহাম্মদ সাইফুর রহমান জানান। তিনি আরও বলেন, ঢাকায় পরীক্ষার পর জানা যাবে ভারতীয় ভ্যারিয়েন্ট করোনা ভাইরাস কি না।
[irp]
গত শনিবার (১৫ মে) ওই ভারতীয় স্কুল থেকে ফেরত আসা ২৬ জন শিক্ষার্থীর নমুনা সংগ্রহ করে ওই দিনই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। এদের মধ্যে ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। শিক্ষার্থীরা হলেন- মাধবদী জেলার নরসিংদীর উপজেলার গোবিন্দ চন্দ্র পালের ছেলে জয় চন্দ্র পাল (২০), ঢাকার সূত্রাপুর এলাকার সৈয়দ আসলাম শাহীনের ছেলে সৈয়দ মোঃ ইয়াছিন (১৬) ও ঢাকার কলাবাগান এলাকার আমীর হোসেনের ছেলে ফয়সাল হোসেন (১৭)।
প্রবেশ করার পর থেকে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ব্যবস্থায় বুড়িমারী স্থলবন্দরের নিকট সামটাইমস আবাসিক হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়। সাথে তাদের অভিভাবক ও বাবা-মা রয়েছে।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পারসন ডা: কে, এম তানজির আলম বলেন, করোনায় আক্রান্ত শিক্ষার্থীদের শরীরে কোনো উপসর্গ নেই। এজন্য তিন জনই সামটাইমস আবাসিক হোটেলে আইসোলেশনে থাকবে। নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।




















