ভোলা পৌর নির্বাচন: দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২০
- আপডেট সময় : ০৪:২৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৭৯ বার পড়া হয়েছে
আসন্ন পঞ্চম ধাপের ভোলা পৌর নির্বাচনের প্রচার-প্রচারণা চলাকালে আজ মঙ্গলবার সকালে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হেসেন ও আসাদ হোসেন জুম্মানের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টা-পাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ সময় ভাংচুর করা হয়েছে নির্বাচনী অফিস ও বসত বাড়ি।
এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহতদের মধ্যে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, পৌর ৪নং ওয়ার্ডের আলীয়া মাদ্রাসা সড়কে আসাদ হোসেন জুম্মানের প্রচারণা চলছিলো। এ সময় তার প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী শওকত হেসেনের নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ধাওয়া পাল্টা হয়। এসময় দুই গ্রুপের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়।
কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন জুম্মান অভিযোগ করেন, তার নির্বাচনী অফিস ও কর্মীদের বাড়িতে কাউন্সিলর প্রার্থী শওকত হেসেনের কর্মীরা হামলা চালিয়ে ভাংচুর করেছে। তবে কাউন্সিলর প্রার্থী শওকত হেসেন অভিযোগ করেন, তার কর্মী ও সমর্থকদের বাসা বাড়িতে কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন জুম্মানের কর্মীরা হামলা চালিয়ে ভাংচুর করে।
ভোলা মডেল থানার পুলিশ কর্মকর্তা মো. এনায়েত হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


























