মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পিটুনিতে নিহত-২
- আপডেট সময় : ০১:০৯:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / ১০২১ বার পড়া হয়েছে
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পিটুনিতে নিহত-২
রংপুর প্রতিনিধিঃ
রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
আজ রবিবার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা (৪২) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার ভোরে সোহেলের বাড়ির সামনের মসজিদে মুসল্লিরা ফজরের নামাজ আদায় করছিলেন। এ সময় সোহেল চিৎকার করে বলেন, তার অটোরিকশাটি চুরি করে নিয়ে যাচ্ছে। কয়েকজন মুসল্লি দুই ব্যক্তিকে ধাওয়া করেন। তাদের আটক করতে না পেরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। পরে স্থানীয়রা বিভিন্ন দিক থেকে তাদের ধাওয়া করেন।
ধাওয়া খেয়ে দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অটোরিকশাটি রেখে ধানক্ষেতের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে প্রায় এক কিলোমিটার দূরে বড় সেচ ক্যানেলের কাছে তাদের ঘিরে মারধর শুরু করলে তাদের মৃত্যু হয়।
অটোরিকশাটির মালিক বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মতিন মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান সোহেল বলেন, আগের রাতে বাথরুমের মেঝে ঢালাইয়ের জন্য তিনি দুই বস্তা সিমেন্ট এনেছিলেন। সেগুলো অটোরিকশায় রাখা ছিল। ভোর ৪টার দিকে উঠে অটোরিকশাটি চার্জে দিয়ে তিনি আবার ঘুমাতে যান।
সোহেল বলেন, ‘ঘুমানোর কিছুক্ষণ পর আমার ছোট মেয়ে কান্না শুরু করলে তাকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছিলাম। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা অটোরিকশা রাখার ঘরের তালা কেটে ভেতরে ঢোকেন। প্রথমে আমার ঘরের দরজায় দুবার আঘাত করেন তারা। বিষয়টি বুঝতে পারলেও মেয়েকে ঘুম পাড়িয়ে ওঠার কথা ভাবছিলাম। এর দুই মিনিট পর আমার স্ত্রী জানাল, অটোরিকশাটি নিয়ে যাওয়া হচ্ছে।’
তিনি আরও বলেছেন, ‘বিছানা থেকে লাফ দিয়ে উঠে বারান্দা দিয়ে বের হয়ে অটোরিকশার পেছনে টান দিই। তারা আমাকে নিয়েই অটোরিকশা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আমি অটোরিকশা ছেড়ে চিৎকার শুরু করি। মসজিদের লোকজন বের হয়ে দেখেন, আমি মাটিতে পড়ে আছি।’
‘এরপর মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়, চোর অটোরিকশা নিয়ে উত্তর দিকে পালাচ্ছে, আপনারা আটকান। পরে শুনি, আমাদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে ক্যানেলের কাছে পিটুনিতে দুজন মারা গেছেন।’
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে মরদেহ দুটির সুরতহাল শেষে সেগুলো থানায় নিয়ে আসা হয়েছে।
আস্থা/এমএইচ


















