মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন
- আপডেট সময় : ১১:২৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০০২ বার পড়া হয়েছে
মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন
শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নকলা উপজেলায় মহাসড়কে চাঁদাবাজি বন্ধ ও পৌরসভার টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নকলা পৌর ছাত্রদলের আহ্বায়ক সারোয়ার জাহান অভির নেতৃত্বে উপজেলার পুরাতন সিনেমা হল চত্বরে পুলিশ বক্সের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পৌর ছাত্রদলসহ নকলা সরকারি হাজী জান মামুদ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজ আহমেদ হৃদয়সহ একাধিক নেতাকর্মী অংশ নেন। এ ছাড়া অটোরিকশা, সিএনজি ও ট্রলিচালকসহ বিভিন্ন পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন।
নকলা পৌর ছাত্রদলের আহ্বায়ক সারোয়ার জাহান অভি বলেন, সারা দেশের মতো নকলা উপজেলাতেও মহাসড়ক থেকে কোনো ধরনের চাঁদা আদায় করতে দেওয়া হবে না। মানববন্ধনের পর আগামীকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চাঁদাবাজি বন্ধে স্মারকলিপি দেওয়া হবে বলেও তিনি জানান।
স্থানীয় মোবাইল ব্যবসায়ী নুর হোসেন বলেন, ‘ছাত্রদলের এই উদ্যোগ প্রশংসনীয়। তবে চাঁদাবাজি বন্ধে শুধু উদ্যোগ নয়, সমাজের সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে।
’
প্রসঙ্গত, নকলা পৌরসভার দরপত্র বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন মহাসড়কে ১০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত পৌর টোল আদায় করা হয়—এ অভিযোগের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
নকলা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জাহাঙ্গীর আলম জানান, টোল আদায়সংক্রান্ত বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

















