লকডাউনের সুযোগে গ্রেপ্তার চালাচ্ছে :মহাসচিব
- আপডেট সময় : ১০:৪৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
- / ১২০৪ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ
লকডাউনের সুযোগে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে ফখরুল এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘লকডাউনকে কেন্দ্র করে সরকার ক্র্যাকডাউনে নেমেছে। তারা লকডাউনের সুযোগে আমাদের দলের ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মী ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করছে। গ্রাম-শহর, পাড়া-মহল্লায় গ্রেপ্তার অভিযান চালাচ্ছে।’
অভিযোগে ফখরুল আরও বলেন, ‘রমজানে ও করোনা পরিস্থিতিতেও আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে সরকার। নির্যাতন-নিপীড়ন, গুম-খুন ইত্যাদি অপকর্মের মাধ্যমে দেশকে এক ভয়াবহ অরাজকতার দিকে ঠেলে দিয়েছে তারা।’
জনগণের স্বাধীনতাকে সরকার অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ করে ফখরুল বলেন, ‘সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে কেউ যাতে টু শব্দ করতে না পারে, সেজন্যই মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে সরকার।’

















