হত্যা মামলায় কারাগারে অতিরিক্ত পুলিশ সুপার
- আপডেট সময় : ১১:৪৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / ১৩৫৯ বার পড়া হয়েছে
হত্যা মামলায় কারাগারে অতিরিক্ত পুলিশ সুপার
স্টাফ রিপোর্টারঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার মামলায় রমনা ট্রাফিক বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শচীন মৌলিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার আদালত।
আজ শুক্রবার (২২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ সেফাতুল্লাহ এই আদেশ দেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ তারেক জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর সরকার আদালতে শচীন মৌলিককে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট তেজগাঁও থানার ফার্মগেট এলাকায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে বাবুল টাওয়ারের সামনে, আনন্দ সিনেমা হলের পাশের ফুটওভার ব্রিজের নিচে, কারওয়ান বাজার পর্যন্ত ও আশপাশ এলাকায়- বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার ওপর মরণাস্ত্র প্রয়োগের মাধ্যমে শচীন মৌলিক মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্যপ্রমাণ পাওয়া গেছে।
আদালতে হাজির করার সময় পুলিশ তাকে রিমান্ডে নেওয়ার আবেদন না করে কারাগারে পাঠানোর আবেদন করে, যা আদালত মঞ্জুর করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ আগস্ট) খাগড়াছড়ির মহালছড়ি ৬ এপিবিএনে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হিসেবে সংযুক্ত থাকা অবস্থায় ডিবি পুলিশ শচীন মৌলিককে আটক করে।














