হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ: আহত অর্ধশতাধিক
- আপডেট সময় : ০১:১৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০০৪ বার পড়া হয়েছে
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ: আহত অর্ধশতাধিক
হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী পুরষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দিলকুশ মিয়া (৪০), মহিবুর মিয়া (৪৫) এবং বারাম মিয়া (৪৮) কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিরাট (উজান পাড়া) গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
অপর আহতরা হলেন, জয়নাল আবেদীন (৫৫), সেকুল মিয়া (৪৮), রুমন মিয়া (২২), উজ্জ্বল মিয়া (২০), পাবেল মিয়া (২৪), হুসাইন মিয়া (২১), কাবিল হোসেন (৩৫), নিজাম উদ্দিন (৫৫), মহিবুল রহমান (৪৫)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সদর ইউনিয়নের বিরাট উজান পাড়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ঈসমাইল হোসেন সরসের লোকজন ও একই গ্রামের ইউপি সদস্য মুজিবর রহমান মজুরের লোকজনের মধ্যে এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিলো ৷
এরই প্রেক্ষিতে উভয়পক্ষের লোকজনের মধ্যে বিগত কয়েকদিন ধরে বেশ উত্তেজনা বিরাজ করে৷ শুক্রবার সন্ধ্যায় সরস মিয়ার পক্ষের মোতাহির মিয়ার পুত্র নীলয়ের সঙ্গে মজু পক্ষের মোতালিব মিয়ার পুত্র বজলু ও মহিবুরের একটি বিষয় নিয়ে বাকবিতণ্ডা বাঁধে।
বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে নারী পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়।
ইউপি সদস্য মুজিবুর রহমান মজু বলেন, জল মহালের ঝামেলা নিয়ে আজ রাতে নামাজে যাবার পথে তারা আমার ছেলেকে মারধর করে।
ঈসমাইল হোসেন সরসের বলেন, রোগী নিয়ে ব্যস্ত আছি, পরে কথা বলবো৷
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আকবার হোসেন বলেন, সন্ধ্যায় দুই পক্ষের বাকবিতণ্ডার জেরে এই সংঘর্ষের সুত্রপাত হয় বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।



















