১০ লাখ টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ
- আপডেট সময় : ১২:১৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / ১০২০ বার পড়া হয়েছে
১০ লাখ টাকার হিসাব দিলেন হাসনাত আবদুল্লাহ
স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল ফিতরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার দুস্থ জনসাধারণের জন্য সরকারি বরাদ্দের ১০ লাখ টাকা যথাযথভাবে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন এলাকার সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। উপকারভোগীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে ১০ লাখ টাকা খরচের হিসাব দিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে ‘জবাবদিহিতা’ নামের পেজে পোস্টের মাধ্যমে এই হিসাব প্রকাশ করেন হাসনাত। এর কিছুক্ষণ পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্টটি শেয়ার করেন তিনি।
https://www.facebook.com/share/1Dk6RE9R5W/
ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর/২০২৬ উপলক্ষে দেবিদ্বারের দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য যে ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটি যথাযথভাবে বিতরণ করা হয়েছে।’
পোস্টে তিনি আরও জানান, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৪৪টি ওয়ার্ডে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। তবে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য এনআইডি (জাতীয় পরিচয়পত্র) নম্বর এবং মোবাইল নম্বর ঢেকে রাখা হয়েছে। প্রশাসনিক অনুসন্ধানের জন্য যেকোনো তথ্য উন্মুক্তযোগ্য রাখা হয়েছে।
এনসিপির এই নেতা জানান, নির্ধারিত তালিকার ভিত্তিতে ১ হাজার জনকে নগদ ১ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া ৫০০ জনকে ঈদসামগ্রী সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘যেহেতু একই সঙ্গে তালিকা করা হয়েছে, সে জন্য পুরো তালিকাই উন্মুক্ত করা হলো।’
হাসনাত দাবি করেন, সহায়তা বিতরণের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হয়নি। তিনি বলেন, ‘প্রতি ওয়ার্ডের সবচেয়ে সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
প্রশ্ন আসে যে—সব সুবিধাবঞ্চিত মানুষ কি এই বরাদ্দের আওতায় এসেছে? উত্তর হলো—না।
আমাদের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সরকার বরাদ্দ অর্থ সহায়তার আওতায় এসেছে মাত্র ১০০০ জন। আর ব্যক্তি উদ্যোগে আয়োজিত ঈদসামগ্রীর আওতায় এসেছে ৫০০ জন। সুতরাং আপনার এলাকায় কোনো না কোনো সুবিধাবঞ্চিত মানুষ অবশ্যই বাকি থাকবে।
দৈনিক আস্থা/এমএইচ



















