শিরোনাম:
আ.লীগের মহিলা বিষয়ক উপকমিটিতে জনপ্রিয় দুই অভিনেত্রী
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৪:১৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / ১০৬০ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক:
ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপকমিটির সদস্য হলেন অভিনেত্রী তানভীন সুইটি ও উর্মিলা শ্রাবন্তী কর। গতকাল রোববার ৫০ সদস্যের উপকমিটি অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যে কমিটিতে অভিনেত্রীদের মধ্যে তানভীন সুইটি ও উর্মিলা শ্রাবন্তী করের নাম দেখা গেছে।
এবারই প্রথম আওয়ামী লীগের সাংগঠনিক কোনো কমিটিতে পদ পেলেন সুইটি। অন্যদিকে উর্মিলা শ্রাবন্তী কর হচ্ছেন আওয়ামী লীগের সাবেক অভ্যর্থনা উপ-কমিটি, ৭ম জাতীয় কংগ্রেস ২০১৯ এর সদস্য। তার আগে মহিলা বিষয়ক সম্পাদিকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, যুগ্ন সাধারণ সম্পাদক, আওয়ামী আইন ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করেছেন।
উপকমিটিতে যুক্ত হওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তানভীন সুইটি বলেন, ‘দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছি। মহিলা বিষয়ক উপকমিটিতে স্থান পাওয়ায় আমি আনন্দিত। এই কমিটিতে স্থান পাবার মধ্যে দিয়ে নারীদের জন্য আরো বেশি কাজ করতে পারবো। এটি আমার জন্য খুশির বিষয়।’
উর্মিলা শ্রাবন্তী কর বলেন, ‘পারিবারিকভাবেই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি। ছাত্র বয়সেও রাজনীতিতে সক্রিয় ছিলাম। মহিলা বিষয়ক উপকমিটিতে সদস্য হওয়া এটা আমার জন্য অবশ্যই আনন্দের খবর। আশা করি নিজের দায়িত্ব যথাযথ পালন করতে পারবো।’


























