ইনকিলাব মঞ্চের কর্মী আটক, এনসিপি নেতাকর্মীরা থানায়
- আপডেট সময় : ০৮:২৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৯৮ বার পড়া হয়েছে
বিদ্যুৎ বিল নিয়ে প্রধামন্ত্রী তারেক রহমানকে গালিগালাজ করায় ইনকিলাব মঞ্চের কর্মী আটক, এনসিপি নেতাকর্মীদের থানায় অবস্থান।
স্টাফ রিপোর্টারঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য ও গালিগালাজের অভিযোগে ইনকিলাব মঞ্চের কর্মী সিফাত আব্দুল্লাহ নামের সেই যুবককে আটক করেছে পুলিশ।
আটকহৃত কর্মীকে ছাড়িয়ে আনতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা থানায় সক্রিয় অবস্থান নিয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা পর্যন্ত থানায় অবস্থান করে ছিলেন তারা।
এর আগে রাত ৯টার দিকে গাজীপুরের বাসা থেকে গাছা থানা পুলিশ তাকে আটক করে। আটক সিফাত আব্দুল্লাহ রাজধানী ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র এবং গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার সিকান্দরের ছেলে। তিনি এনসিপি ও ইনকিলাব মঞ্চের সমর্থক বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান।
খোঁজ নিয়ে জানা গেছে, সিফাত তার ফেসবুক আইডিতে ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে তিনি দাবি করেন, তার বাসায় চলতি মাসে ৪ হাজার এবং তার আগের মাসে ৫ হাজার টাকা অতিরিক্ত বিদ্যুৎ বিল এসেছে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তিনি প্রধানমন্ত্রী ও সরকার সংশ্লিষ্টদের গালিগালাজ করেন।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তির দায়ে তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আস্থা/এমএইচ


















