কথিত সাংবাদিকের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা
- আপডেট সময় : ১১:৩৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ১০৬১ বার পড়া হয়েছে
এক নারীকে যৌন কামনা চরিতার্থ করার জন্য টানা হেঁচড়া করার অভিযোগে কথিত সেই সাংবাদিক আসিফ সিকদার মানিকসহ তিনজনের বিরুদ্ধে ঝালকাঠি থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে গাবখান গ্রামের নির্যাতিত ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার এজাহার এবং ওই নারীর সাথে কথা বলে জানা গেছে, নির্যাতিত ওই নারী গত শনিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে সুলতানপুর গ্রামের খালু বাড়ি থেকে ঝালকাঠি শহরের কলেজ মোড়ে নিজ বাসায় আসার পথিমধ্যে যুব উন্নয়ন অফিসের সামনে আসিফ সিকদার মানিক ও তার দুই সহযোগী রিয়াজুল ইসলাম বাচ্চু এবং কৃষ্ণকাঠি এলাকার রিয়াজ খান ওই নারীর পথরোধ করে কাপড় ধরে টেনে হিঁচড়ে তাদের যৌনকামনা চরিতার্থ করার চেষ্টা করেন। আসামিদের ধস্তাধস্তিতে ওই নারী পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পান। তখন নারীর চিৎকারে সাক্ষিরা ছুটে এলে আসামিরা কাউকে কিছু না বলার হুমকি দিয়ে চলে যায়।
[irp]
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আনছারুল হক জানান, ওই নারীর অভিযোগ মঙ্গলবার রাতে এফআইআর হিসেবে রেকর্ড করে আমাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করে সাক্ষিদের সাথে কথা বলেছি। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, ঝালকাঠি শহরের আমতলা সড়কের বাসিন্দা মৃত আলী আহমেদের ছেলে আসিফ সিকদার মানিক নব্বইয়ের দশকের প্রথম দিকে কিছুদিন দৈনিক জনকণ্ঠের ঝালকাঠি প্রতিনিধি ছিলেন। পরবর্তীতে নানা অভিযোগে জনকণ্ঠ থেকে তাকে অব্যহতি দেয়া হয়।
এরপর তিনি উল্লেখযোগ্য কোন পত্রিকায় কাজ না করেও সাংবাদিকতার পরিচয় দিয়ে গত ২৫ বছর মানুষকে দাবড়িয়ে বেড়াচ্ছেন। এর আগে তার বিরুদ্ধে মাদকদ্রব্য সেবন ও একাধিক ইভটিজিং এবং ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আসিফ মানিককে গত বছর ইয়াবাসহ গ্রেপ্তার করে ঝালকাঠির ডিবি পুলিশ। বর্তমানে সেই মামলা বিচারাধীন।





















