ডিজনি প্লাসের ‘দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার’ সিরিজের চিত্রনাট্যকার ম্যালকম স্পেলম্যান নতুন দায়িত্ব পেয়েছেন। আর তা হলো নতুন ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিনেমার চিত্রনাট্য লিখছেন তিনি। সঙ্গে আছেন একই সিরিজের লেখক ডালন মাসন।
ভ্যারাইটি ডটকম জানায়, চতুর্থ কিস্তি নিয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি। তবে একইদিন ডিজনি প্লাসের ছয়-পর্বের সিজনের শেষে নতুন ফ্র্যাঞ্চাইজির ঘোষণা এসেছে।
[irp]
শেষ কিস্তিতে দেখা যায় দ্য ফ্যালকন বা স্যাম উইলসন চরিত্রের অ্যান্থনি ম্যাকি অবশেষে ক্যাপ্টেন আমেরিকার বর্ম গ্রহণ করেছে। যা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর শেষদিকে স্টিভ রর্জার্স তথা ক্যাপ্টেন আমেরিকা (ক্রিস ইভান্স) তুলে দেয় ফ্যালকনের হাতে।
ক্যাপ্টেনের বর্ম ও নতুন লাল-সাদা-নীল পোশাক পরা স্যামকে দেখা যায় স্টিভের প্রিয় বন্ধু বাকি বার্নেস তথা উইন্টার সোলজার (সেবাস্টিয়ান স্ট্যান)-কে বাঁচাতে। এরপর চূড়ান্ত ক্রেডিটে ভেসে ওঠে ‘ক্যাপ্টেন আমেরিকা অ্যান্ড দ্য উইন্টার সোলজার’।
এর আগে হলিউড রিপোর্টার জানায়, ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে ক্রিস ইভান্সকে ফেরাতে চেষ্টা করছে স্টুডিও। তবে এর কোনো হালনাগাদ জানা যায়নি।
২০১১ সালে মুক্তি পায় ‘দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার’, ২০১৪ সালে ‘দ্য উইন্টার সোলজার’ ও ২০১৬ সালে ‘সিভিল ওয়ার’— ক্যাপ্টেন আমেরিকার নেতৃত্ব দেওয়া এ ছবিগুলোর মিলিত আয় ২২০ কোটি ডলারের বেশি। এ ছাড়া একাধিক মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে অন্য চরিত্রের সঙ্গে দেখা গেছে ক্যাপ্টেন আমেরিকাকে।

























