গাজীপুরে বন্ধ হলো দুটি কারখানা: বেকার হলো ১৮০০ শ্রমিক
- আপডেট সময় : ০৯:৪৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ১০১০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের বোর্ডবাজার এলাকার ‘ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং লিমিটেড’ আর্থিক সংকটসহ বিভিন্ন সমস্যার কারণে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এই দুটি কারখানা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১ হাজার ৮শ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। দীর্ঘদিনের কর্মস্থল হারিয়ে চরম উদ্বেগ, হতাশা আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের।
এদিকে শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য আইনানুগ পাওনা পরিশোধের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে একটি ত্রিপক্ষীয় মীমাংসা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২১ জুন) সকালে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এর পুলিশ সুপারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান বলেন, আর্থিক সংকটসহ নানা সমস্যার কারণে কারখানা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে। গত ১৬ জুন থেকেই কারখানাটি বন্ধ রয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টায় কারখানাটির শ্রমিক বিল্লাল সোহাগ বলেন, আমার বাড়ি শেরপুর। স্ত্রী-সন্তান নিয়ে এই কারখানায় চাকরি করতাম। হঠাৎ কারখানা বন্ধ হয়ে যাওয়ায় আমরা পথে বসে গেছি। ছেলেকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করিয়েছি, এখন তার পড়াশোনা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়বে। স্ত্রীও অসুস্থ। সামনে কী করব বুঝতে পারছি না। শুনেছি আগামী ২৭ জুলাই আমাদের সব পাওনা পরিশোধ করা হবে। আদৌ তা পাব কি না জানি না।
দৈনিক আস্থা/এমএইচ



















