জুলাই বিপ্লবকে যারা নিজের সম্পত্তি ভাবছে, তালিকা করা হচ্ছে
- আপডেট সময় : ০১:৪৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ১০৩৯ বার পড়া হয়েছে
জুলাই বিপ্লবকে যারা নিজের সম্পত্তি ভাবছে, তালিকা করা হচ্ছে
স্টাফ রিপোর্টারঃ
২০২৪ সালের জুলাই আন্দোলনকে যারা নিজেদের একক সম্পত্তি হিসেবে দাবি করছে, তাদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সোমবার (০৯ মার্চ) বেলা ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
আইজিপি স্পষ্টভাবে বলেন, জুলাই বিপ্লব কারও ব্যক্তিগত বা পারিবারিক সম্পত্তি নয়; আমরাও সেই সময় রাজপথে ছিলাম।
এ সময় তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীকে দ্রুততম সময়ের মধ্যে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছেন। তিনি বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে দল-মতনির্বিশেষে ব্যবস্থা নেওয়া হবে, এখানে কোনো দলীয় বিবেচনার সুযোগ নেই। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দমনে ব্লক রেইডসহ বিশেষ অভিযান চলমান রয়েছে।
নারীর প্রতি সহিংসতা এবং গণধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করে তিনি জানান, এখন থেকে চাঞ্চল্যকর যেকোনো ঘটনা ঘটার সাথে সাথে পুলিশ গুরুত্ব দিয়ে পদক্ষেপ নেবে। পাশাপাশি সিআইডি-কে আরও আধুনিকায়ন করে মামলার তদন্তের মান বাড়ানো এবং দ্রুত বিচার নিশ্চিত করার কাজ চলছে।
পুলিশি সেবা সম্পর্কে আইজিপি বলেন, আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যাতে থানায় আসা মানুষ হাসিমুখে ফিরে যেতে পারে। পুলিশের বিরুদ্ধে যেন কোনো অভিযোগ না থাকে এবং পুলিশের ‘রিঅ্যাকশন টাইম’ বা দ্রুত পদক্ষেপ নেওয়ার সময় নূন্যতম পর্যায়ে নামিয়ে আনা হবে।
আস্থা/এমএইচ
















