দরিদ্রদের সহায়তা ৮ কোটি টাকা পরামর্শক নিয়োগে ৫৩ কোটি!
- আপডেট সময় : ০২:২৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ১০৩২ বার পড়া হয়েছে
দরিদ্রদের সহায়তা ৮ কোটি টাকা পরামর্শক নিয়োগে ৫৩ কোটি!
স্টাফ রিপোর্টারঃ
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘরবাড়ি হারানো অসহায় মানুষের সহায়তার জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব করেছে সমাজসেবা অধিদপ্তর। প্রস্তাবিত ওই প্রকল্পের আওতায় ৩শ জন অসহায় মানুষের জন্য অনুদান দেওয়া হবে প্রায় ৮ কোটি টাকা।
তবে এই অনুদানের টাকা বিতরণে জন্য পরামর্শক ও প্রশাসনিক পেছনে খরচ ধরা হয়েছে ৫৩ কোটি টাকার বেশি।
প্রকল্প প্রস্তাবনা সূত্রে জানা গেছে, ‘’অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের নগর একীভূতকরণ সক্ষমতা শক্তিশালীকরণ এবং স্বাগতিক সম্প্রদায়কে সহায়তা প্রদান (ইন্টিগ্রেট)’’ শীর্ষক প্রস্তাবিত এই প্রকল্পটি বাস্তবায়নে খরচ ধরা হয়েছে ৬১ কোটি ২৯ লাখ ৬৪ হাজার টাকা।
জার্মান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জিআইজেড) অর্থায়নে প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে ১ বছর ৯ মাস। সমাজসেবা অধিদপ্তরের প্রস্তাবিত প্রকল্পটির ওপর আজ রোববার পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হবে।
প্রকল্পটির মূল লক্ষ্য খুলনা, সাতক্ষীরা, রাজশাহী ও সিরাজগঞ্জের মতো শহরগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে উদ্বাস্তু হওয়া মানুষদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা।
এই প্রকল্পের মাধ্যমে ৩শ জন ব্যক্তিকে ক্ষুদ্র ব্যবসায় সহায়তা এবং দেড় হাজার জনের জীবিকা উন্নত করার কথা বলা হয়েছে। কিন্তু প্রস্তাবিত বাজেটের চিত্র বলছে, এই লক্ষ্য অর্জনের চেয়ে প্রকল্প সংশ্লিষ্টদের প্রশাসনিক খরচ মেটাতেই বরাদ্দের সিংহভাগ ব্যয় হয়ে যাবে।
প্রস্তাবনা সূত্রে জানা গেছে, মোট ৬১ কোটি ২৯ লাখ ৬৪ হাজার টাকা বাজেটের এই প্রকল্পে মূল লক্ষ্য অর্জনে ব্যয়ের চেয়ে পরোক্ষ খরচই কয়েকগুণ বেশি। যা গরিবের ভাগে মাত্র ১৩ দশমিক ২৩ শতাংশ, বাকি ৮৬ দশমিক ৭৭ শতাংশ যাবে কর্মকর্তাদের ব্যবস্থাপনা খরচ, অফিস ভাড়া এবং বিলাসিতায় খরচসহ অন্যদের পকেটে।
দৈনিক আস্থা/এমএইচ

















